বিলংগিং নয়, নাম হওয়া উচিত হোয়াইটওয়াশিংসোনিয়া গান্ধীর বইয়ের সমালোচনায় বিজেপি

39

নিউজ ডেস্ক: মঙ্গলবার প্রকাশিত হিয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা বিলংগিংআ জার্নি অফ লাভ। বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন সোনিয়ার আত্মকথার সমালোচনা করে বলেছেন, তিনি জরুরি অবস্থার ইতিহাসকে লঘু করে দেখানোর এবং নেহরু-গান্ধী পরিবারকে কঠোর পর্যালোচনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন।
বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেছেন, বইটির নাম আরও যথাযথভাবে ‘হোয়াইটওয়াশিং’ রাখা যেত। তাঁর অভিযোগ, বইটির মূল উদ্দেশ্য কংগ্রেসের বিভিন্ন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে মিষ্টি কথায় মুড়ে উপস্থাপন করা।
সমাজমাধ্যমে কেশবন লিখেছেন, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথার নাম ‘বিলংগিং’-এর পরিবর্তে ‘হোয়াইটওয়াশিং’ রাখতে পারতেন। কারণ, এই বইটির মূল উদ্দেশ্য নেহরু-গান্ধী পরিবারের করা ঐতিহাসিক ভুলগুলোকে মিষ্টি কথায় ঢেকে ফেলা এবং কংগ্রেস দলের গুরুতর অপরাধগুলোকে আড়াল করা।
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়ার স্মৃতিকথায় ১৯৭৫ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে একটি ‘ভুল’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, ইন্দিরা গান্ধী নিজেও শেষ পর্যন্ত একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন।
সোনিয়া গান্ধী লিখেছেন যে, জরুরি অবস্থার সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার অনেকটাই এড়ানো যেত যদি ইন্দিরা গান্ধী তাঁর ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে ‘নিয়ন্ত্রণে’ রাখতেন।
কেশবনের মতে, এই স্মৃতিকথাটি জরুরি অবস্থাকে যৌক্তিক ও স্বাভাবিক’ করে তোলার একটি প্রচেষ্টা মাত্র; এটি সেই সময়ে মৌলিক অধিকার স্থগিত করা, সংবাদপত্রের ওপর সেন্সরশিপ আরোপ করা এবং অন্যান্য বাড়াবাড়ির মতো বিষয়গুলোর মুখোমুখি হওয়ার পরিবর্তে সেগুলোকে আড়াল করার চেষ্টা করেছে।
বিজেপি মুখপাত্র সোনিয়া গান্ধীর বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, সাম্প্রদায়িক হিংসা ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে তিনি শুধু নিজের সুবিধামতো বিষয় বেছে নিয়ে দুঃখ প্রকাশ করেন।
কেশবন বলেছেন, তিনি বলেছেন যে বাবরি মসজিদের জন্য তিনি কেঁদেছিলেন। কিন্তু ১৯৮৪ সালের শিখবিরোধী গণহত্যার সময় যখন গুরুদ্বারগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এবং হাজার হাজার নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন কি সোনিয়া গান্ধীর চোখে এক ফোঁটা জলও এসেছিল?
২৬/১১ মুম্বাইয়ে জঙ্গি হামলায় যে নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের জন্য কি সোনিয়া গান্ধী কেঁদেছিলেন? তাঁর বইয়ে কি এই প্রশ্নের উত্তর মিলবে যে, কেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কোনও পাল্টা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল? প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র কেশবন।
কেশবনের আরও মন্তব্য, কেন্দ্রে প্রায় ৫৫ বছর ধরে কংগ্রেস শাসন ভারতের রাজনীতি ও গণতন্ত্রের ওপর গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং অপূরণীয় ক্ষতি করেছে।