মনমোহন সিংই ছিলেন সঠিক পছন্দ: সোনিয়া গান্ধী

28

নিউজ ডেস্ক: ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই পদে মনমোহন সিংকে কেন বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী তার উত্তর রয়েছে বিলংগিং: আ জার্নি অফ লাভ বইটিতে। সোনিয়া গান্ধীর আত্মকথা মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি প্রধামন্ত্রিত্ব প্রত্যাখ্যান করেছিলেন এবং মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন সেবিষয়ে বিস্তারিত লিখেছেন।
সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা মনে করতেন যে তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়।
সোনিয়া লিখেছেন, মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন, কারণ তাঁর মতে, মনমোহন ছিলেন একজন “প্রশ্নাতীত” সততাসম্পন্ন মানুষ, যাঁর শাসনকার্য পরিচালনার বিষয়ে গভীর জ্ঞান ছিল।
তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, তাঁর বিশ্বাস ছিল যে মনমোহন সিং ইউপিএ-এর সক্ষমতা নিয়ে অনেকের সংশয় দূর করতে পারবেন এবং বহু বছর আগে শুরু হওয়া নীতিগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত বইটিতে সোনিয়া গান্ধী লিখেছেন, দলে এমন অনেক প্রবীণ ও যোগ্য সহকর্মী ছিলেন, যাঁরা এই দায়িত্ব গ্রহণে অত্যন্ত আগ্রহী হতেন। তবে তাঁদের সবার মধ্যে এমন একজন ছিলেন, যাঁর ওপর আমার দীর্ঘদিনের আস্থা ছিল, যিনি ছিলেন কলঙ্কহীন এবং শাসনকার্য পরিচালনার বিষয়ে যাঁর ছিল গভীর ও পূর্ণাঙ্গ জ্ঞান। তিনি হলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ড. মনমোহন সিং।
তিনি বলেছেন যে, অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং নব্বইয়ের দশকের শুরুর দিকে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বে ভারতে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেছিলেন।
সোনিয়া লিখেছেন, দলের ভেতরে মনমোহন কোনও নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। দীর্ঘ সময় ধরে কংগ্রেসকে ‘বাম-ঘেঁষা’ দল হিসেবে চিত্রিত করা হয়েছিল, আর আমাদের সরকারের তখন কমিউনিস্ট দলগুলোরও সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল। আমার মনে হয়েছিল, বহু বছর আগে যে নীতিগুলো শুরু হয়েছিল, সেগুলো পরিচালনা ও এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে অনেকের মনে যে সংশয় ছিল, মনমোহন সিং তা দূর করতে পারবেন।
দেশ পরিচালনার জন্য কেন মনমোহন সিংকে বেছে নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দিতে গিয়ে সোনিয়া এ কথা লিখেছেন আত্মকথায়।
সোনিয়া লিখেছেন, মনমোহনের তীক্ষ্ণ মেধা ও কঠোর পরিশ্রম তাঁকে একটি প্রত্যন্ত গ্রামের স্কুল থেকে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষালয়ে এবং সেখান থেকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছিল। একজন পণ্ডিত ও প্রযুক্তিবিদ হিসেবে তাঁর অজস্র সাফল্যের বাইরেও, ড. সিং সম্পর্কে আমি যা সবচেয়ে ভালো জানতাম তা হল— তাঁর হৃদয় অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল এবং তাঁর সততা প্রশ্নাতীত।
এরপরই সোনিয়া গান্ধী লিখেছেন, আমি জানতাম, আমাদের প্রিয় দেশ তাঁর হাতে নিরাপদ থাকবে। এনিয়ে প্রবীণ সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছিলাম, তাঁরা আমার সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছিলেন। আমি যখন মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করলাম, তখন তাঁরা কেউ এর বিরোধিতা করেননি। তাঁর গভীর অভিজ্ঞতা কিংবা সম্মাননীয় মানুষ হিসেবে তাঁর সুনাম, তিনি ভারতের জন্য সঠিক কাজটিই করবেন, তা নিয়ে কারও কোনও দ্বিমত ছিল না।
সোনিয়া জানিয়েছেন, আমার সহকর্মী ড. মনমোহন সিংকে আমার সঙ্গে আসার অনুরোধ করি। ১৮ মে আমরা রাষ্ট্রপতি ভবনে পৌঁছই। রাষ্ট্রপতি ভবন থেকে আমরা ১০, জনপথে আমার বাসভবনে ফিরে এলাম। আমি ড. সিংকে তাঁর গাড়ির কাছে এগিয়ে দিলাম। ফেরার পথে অথবা তার আগেও আমাদের দুজনের মধ্যে প্রধানমন্ত্রী পদের বিষয়ে কোনও আলোচনা হয়নি। এমনকি তখনও আমি তাঁকে কিছু বলিনি। অন্যদের মতোই তিনিও স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন যে, এই পদে আমিই আসব। কিন্তু আমি নই, প্রধানমন্ত্রী হয়েছিলেন ড. মনমোহন সিং।

প্রধানমন্ত্রী পদের প্রস্তাব প্রত্যাখ্যান
সোনিয়া গান্ধী জানিয়েছেন যে, তাঁর সন্তানরা মনে করত তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। কারণ, তাঁরা তাঁদের ঠাকুরমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছিল।
সোনিয়া লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। একদিকে তাঁর মন এই ধারণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করছিল, অন্যদিকে দলের কর্মীদের প্রতি তাঁর দায়বদ্ধতার বিষয়টিও তাঁকে ভাবাচ্ছিল, কারণ তাঁর এই প্রত্যাখ্যান দলের কর্মীদের কষ্ট দিতে পারে বা হতাশ করতে পারে।
সোনিয়া গান্ধী বলেছেন, নির্বাচনের কয়েক মাস আগে, আমার সন্তানরা এবং আমি আমার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। ওদের একজন সরাসরি আমাকে জিজ্ঞেস করেছিল যে, আমাদের দল যদি জয়ী হয়, তবে আমি কি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করব? আমি প্রায় বিরক্তির সুরেই বলেছিলাম, একেবারেই না!
তারা আবার জানতে চাইল, তুমি কি নিশ্চিত? আমি জোর দিয়ে বললাম, আমি এবিষয়ে একদম স্পষ্ট।
সোনিয়া গান্ধী লিখেছেন, ওরা তাদের ঠাকুরমার হত্যাকাণ্ড এবং বাবার নৃশংস হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল। ওদের কাছে, এই পদে থাকা মানেই চরম ঝুঁকির সঙ্গে জড়িয়ে পড়া। আমার কথা শুনে তাদের স্বস্তি পেতে দেখলাম; আর আমিও আমার মনের কথা প্রথমবারের মতো স্পষ্টভাবে প্রকাশ করতে পেরে অনেকটা হালকা বোধ করলাম। বিষয়টি সেখানেই শেষ হয়ে গেল। এরপর আর কারো সঙ্গে আমি এনিয়ে কোনও কথা বলিনি।
তিনি জানান যে, ২০০৪ সালের নির্বাচনের পুরো সময়জুড়ে জনসমক্ষে যখনই তাঁকে এই প্রশ্নটি করা হত, তিনি কোনও সুনির্দিষ্ট উত্তর না দিয়ে এড়িয়ে যেতেন।
সোনিয়ার কথায়, বহু বছর আগে, যখন আমি সেই যাত্রার প্রথম পদক্ষেপটি ফেলেছিলাম যা আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে, তখনই আমি মনে মনে জানতাম যে আমার স্বামী ও শাশুড়ি আমার কাছ থেকে কী প্রত্যাশা করতেন। তাঁদের প্রতি এবং তাঁরা সারাজীবন যেসব আদর্শের জন্য লড়াই করেছেন, তার প্রতি এক গভীর দায়বদ্ধতা আমি অনুভব করতাম।
২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের আগের পরিস্থিতি সম্পর্কে সোনিয়া লিখেছেন, জোটের কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রস্তাবে রাজি হওয়ার জন্য তাঁকে অনুরোধ জানান।
আলোচনা শেষ হওয়ার পর্যায়ে তাঁরা আমার উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইলেন। আমি যথাসম্ভব সাহস সঞ্চয় করে আমার বক্তব্য তুলে ধরলাম। তাঁদের মধ্যে হট্টগোল শুরু হল। তাঁরা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও উঠে দাঁড়ালাম। তাঁরা আমাকে ঘিরে ফেললেন। ‘আমরা এটা মেনে নেব না, তাঁদের একজন বললেন। অন্য একজন বললেন, ম্যাডাম, আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁদের কণ্ঠস্বর ছিল কঠোর, প্রায় আক্রমণাত্মক। আমরা কোনোভাবেই না শুনতে রাজি নই। আমি কেঁপে উঠলাম। অসহায় বোধ করলাম। অস্ফুট স্বরে বললাম, ‘ঠিক আছে।’ উপস্থিত নেতারা আমার কথা শেষ হওয়ার অপেক্ষা না করেই একে একে আমাকে অভিনন্দন জানাতে শুরু করলেন, স্মৃতিকথায় লিখেছেন সোনিয়া গান্ধী।
সেই পরিস্থিতি সম্পর্কে সোনিয়া লিখেছেন, আমার মনের ভেতর একটি কণ্ঠস্বর বলে উঠল, সোনিয়া, এ তো এক হাস্যকর প্রস্তাব! তুমি ইতালিতে জন্মেছ ও বড় হয়েছ, আর এখন তোমাকে পৃথিবীর অন্য প্রান্তে অবস্থিত এক বিলিয়নেরও বেশি মানুষের একটি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে! আবার অন্য একটি কণ্ঠস্বর উত্তর দিল, এটি তোমার দেশ; তোমার প্রাপ্তবয়স্ক জীবনের পুরোটাই এবং তোমার আনুগত্য এই দেশের প্রতিই নিবেদিত। যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে হারালে, তখন এই দেশই তোমাকে আপন করে বুকে টেনে নিয়েছিল। চরম ট্র্যাজেডির দিনগুলোতে এ দেশের মানুষই তোমাকে সান্ত্বনা দিয়েছে, আগলে রেখেছে। যারা তোমার এবং তোমার দলের ওপর আস্থা রেখেছে, তাদের প্রতি তোমার দায়িত্বকে তুমি কীভাবে উপেক্ষা করতে পারো?