কে অপেক্ষা করবে ৫০ বছর? রকিবুলকে নিশানা হিমন্তর

32

নিউজ ডেস্ক: উচ্ছেদ অভিযানে বাস্তুহারা মানুষরা কংগ্রেস ক্ষমতায় ফিরলে তাদের জমি ফেরত পাবেন— ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের এই আশ্বাসের কড়া জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবিষয়ে হিমন্তর মন্তব্য, অসমে কংগ্রেসের ক্ষমতায় ফিরতে হয়তো আরও ৫০ বছর লেগে যেতে পারে; আর উচ্ছেদের শিকার মানুষগুলোর পক্ষে এত দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়।
হিমন্ত বলেছেন, কংগ্রেস ৫০ বছর পর অসমে ক্ষমতায় ফিরবে, ততদিনে হয়তো কংগ্রেস দলের অস্তিত্বই থাকবে না। ৫০ বছর কে অপেক্ষা করবে? রকিবুল হোসেনের বরং বলা উচিত ছিল যে, কংগ্রেস যত দ্রুত সম্ভব জমি ফিরিয়ে দেবে।
অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, সাংসদ হিসেবে রকিবুল হোসেনের উচিত ছিল জেলা প্রশাসন বা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা, যাতে উচ্ছেদ অভিযানের ফলে ভূমিহীন হয়ে পড়া মানুষদের জন্য বিকল্প জমির ব্যবস্থা করা যায়।
এরপরই হিমন্ত যোগ করেছেন, আমি যদি এখানকার বিধায়ক বা সাংসদ হতাম, তবে বলতাম যে আমি ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে উচ্ছেদ হওয়া মানুষদের জন্য বিকল্প জমির ব্যবস্থা করব। রকিবুল হোসেনের বলা উচিত ছিল যে, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং ভূমিহীন মানুষদের জমি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবেন, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়কে কেবল ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে গণ্য করে অভিযোগ তুলে হিমন্ত বলেন, কংগ্রেস যেসব প্রতিশ্রুতি দিচ্ছে যা অদূর ভবিষ্যতে পূরণ করা সম্ভব নয়।
রকিবুল হোসেন সম্পর্কে হিমন্ত বলেছেন, তিনি ফের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে, কংগ্রেস ক্ষমতায় ফিরলেই তারা জমি পাবে। এর অর্থ, কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু নিশ্চিত ভোটব্যাঙ্ক হিসেবে দেখে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রলুব্ধ করে।
হিমন্তর যুক্তি, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখনই যদি তারা ভূমিহীন মানুষদের জমি দিত, তবে উচ্ছেদের মতো পরিস্থিতি এড়ানো যেত।
হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ, রকিবুল হোসেনের উচিত ক্ষমতায় আসার অপেক্ষায় না থেকে, আজই ভূমিহীন মানুষদের জমি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা।