ইডির তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি সন্দীপ ঘোষ

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ।এই মামলায় ইডির মুখোমুখি হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ আজ দুপুর ১.১০ এ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে পৌঁছন তিনি ।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের আর্থিক তছরূপ এবং বিভিন্ন সময়ে বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক অনিয়মের তদন্তে সন্দীপ ঘোষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই প্রেক্ষিতে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে বারবার নোটিশ পাঠানো হয়েছিল ৷

একাধিকবার নোটিস পাঠানো এবং দফায় দফায় তলব এড়ানোর পর শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল তাঁকে ৷

ইডি সূত্রে খবর, হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকাকালীন বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম ক্রয়, পরিকাঠামো উন্নয়ন, এবং অন্যান্য আর্থিক লেনদেনে কীভাবে নিয়ম লঙ্ঘন করা হয়েছিল, সেই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণের ভিত্তিতে সন্দীপ ঘোষের জন্য একগুচ্ছ প্রশ্নের তালিকা তৈরি করেছিলেন আধিকারিকরা ৷ আজ তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷

আরজি করের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের জেরে এর আগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ ৷ তবে কয়েক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্ট থেকে ওই নির্দিষ্ট মামলায় শর্তাধীন জামিন পান তিনি ৷ শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে স্বস্তি পেলেও আর্থিক দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ইডির ডাকে বারবার হাজিরা এড়ান তিনি। আইনজীবী মারফত ১৫ দিনের সময় চাইলেও সেই সময় দেননি ইডির তদন্তকারী আধিকারিকরা।