নিউজ ডেস্ক: বুধবার সকালে অসমের দিগারু রেলওয়ে স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের সামনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের চিফ পাবলিক রিলেশনস অফিসার (সিপিআরও) কাপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ১৩১২৫ নম্বর ট্রেনটি কলকাতা থেকে সাইরাংয়ের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
সিপিআরও বলেছেন, জনশতাব্দী এক্সপ্রেসকে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ট্রেনটিকে দিগারু রেলওয়ে স্টেশনে থামানোর কথা ছিল। কিন্তু ট্রেনটি সময়মতো থামতে না পারায় এর সামনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
সিপিআরও জানান, সৌভাগ্যবশত ট্রেনটির গতি কম ছিল। কোনও প্রাণহানি না হলেও চারজন আহত হয়েছে।
যাত্রীদের নিরাপদে সাইরাংয়ে পৌঁছে দিতে এনএফআর গুয়াহাটি থেকে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করেছে।
রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত বগিগুলো পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। সিপিআরও আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ নির্ণয় করতে এবং এর পেছনে অন্য কোনও সমস্যা রয়েছে কি না, তা শনাক্ত করতে একটি তদন্তও চালানো হবে।
দুর্ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এনকে টিভি বাংলা ডট কম। ভিডিওতে দেখা যায়, চালক সোজা হয়ে বসে পাওয়ার লিভারগুলো নাড়াচাড়া করছেন, কিন্তু কোনও কিছুই কাজ করছে না। ট্রেনটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কলকাতা-সাইরাং এক্সপ্রেস একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ, যা মিজোরামকে কলকাতার সঙ্গে এবং পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে।
৪৫ সেকেন্ডের সেই কাঁপা কাঁপা ভিডিও ক্লিপে একজনকে বলতে শোনা যায়, বিপি (ব্রেক পাইপ) প্রেশার কমছে না।
তিনি আরও বলেন, সিগন্যাল লাল। জরুরি ব্রেক (ইমার্জেন্সি ব্রেক) দেওয়া হয়েছে, কিন্তু তা কাজ করছে না।
ভিডিওতে দেখা যায়, চালক বিভিন্ন পাওয়ার সুইচ নাড়াচাড়া করছেন, কিন্তু কোনও কিছুই কাজ করছে না।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি একটি বাধার সঙ্গে ধাক্কা খাওয়ার মুহূর্তে ওই ব্যক্তির কণ্ঠে তীব্র উদ্বেগ ফুটে ওঠে। তিনি বলেন, কিছুই কাজ করছে না। এসময় কাউন্টারটপের ওপর রাখা একটি কাচের বোতল নীচে পড়ে ভেঙে যায়।
ট্রেনের প্যান্ট্রি কার ম্যানেজার জানিয়েছেন, ভোর ৫টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। গুয়াহাটি পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল; সেখানে ট্রেনটি থামে এবং তারপর আবার যাত্রা শুরু করে। ট্রেনের গতিও ভালো ছিল। দিগারু স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনের গতি কিছুটা কমে যায়। স্টেশনটির প্ল্যাটফর্ম পার হওয়ার সময় একটি শব্দ শোনা যায়, কিসের শব্দ ছিল তা আমরা জানি না। তার ঠিক কয়েক মিটার পরেই আমি বুঝতে পারি যে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে গেছে। লাইনচ্যুত অবস্থাতেই ট্রেনটি আরও এক কিলোমিটার এগিয়ে যায়। এই ঝাঁকুনিতে আমি তিনবার আসন থেকে পড়ে যাই। আমরা ট্রেনের দরজা খুলতে পারিনি, সবাই খুব আতঙ্কিত ছিলাম। ১০ মিনিট পর ট্রেনটি থামে। বর্তমানে পাওয়ার কার ও ইঞ্জিন পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।