কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার পাশে হিমন্ত বিশ্ব শর্মা

29

নিউজ ডেস্ক: ২৩ বছর পুরনো ধর্ষণের অভিযোগ নতুন করে সামনে এনেছেন অসমের বাসিন্দা জেনি, ইন্দিরা দেউরি নামেও পরিচিত। উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হরক সিং রাওয়াতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জেনির। সুবিচারের দাবিতে সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে।
বুধবার সমাজমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, মঙ্গলবার তিনি জেনির সঙ্গে দেখা করেছেন এবং জেনির প্রতি যে আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার নিন্দা করেছেন।
হিমন্ত লিখেছেন, গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে অসমের বাসিন্দা জেনির। উত্তরাখণ্ডের হরক সিং রাওয়াত তাঁর সঙ্গে যা করেছেন, তা অত্যন্ত ভুল এবং নিন্দনীয়। তিনি যে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তা যেন আর কারও সঙ্গে না ঘটে। ন্যায়বিচারের লড়াইয়ে আমি দৃঢ়ভাবে তাঁর পাশে আছি।
জেনি সম্প্রতি দেরাদুনে ফিরে এসেছেন। তিনি সিবিআইয়ের মাধ্যমে নতুন করে তদন্ত এবং তাঁর ২৩ বছর বয়সি ছেলের পিতৃত্ব নিশ্চিত করতে পুনরায় ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন।
সম্প্রতি উত্তরাঞ্চল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে ন্যায়বিচার চেয়েছেন।
তিনি আগের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, সিবিআই তাঁর বয়ান সঠিকভাবে নথিভুক্ত করেনি এবং ডিএনএ পরীক্ষার জন্য তাঁর ছেলের কাছ থেকে কোনও নমুনাও সংগ্রহ করা হয়নি। এ ছাড়া, তিনি নারকো টেস্ট করানোর দাবি জানিয়েছেন এবং নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন; কারণ তিনি হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে, রাওয়াত ধর্ষণের অভিযোগসহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আদালতের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষা করানোর চ্যালেঞ্জ জানিয়েছেন।
এই বিতর্কের সূত্রপাত ২০০৩ সালে, যখন রাওয়াতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যার জেরে তাঁকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হয়েছিল। বিষয়টি উত্তরাখণ্ড বিধানসভার একটি তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হয় এবং পরবর্তীতে সিবিআই তদন্তেও আসে।
সেই তদন্ত চলাকালীন একটি ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, যেখানে রাওয়াত ও ওই শিশুর মধ্যে কোনও মিল পাওয়া যায়নি; এরপরই তিনি অভিযোগ থেকে অব্যাহতি পান।
২০০৪ সালের ১৮ জুন, সিবিআই তদন্ত শেষ হওয়ার জেনি বলেছিলেন যে রাওয়াতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলাম বলে নিজেকে দোষী মনে হচ্ছে। এরপর জানিয়েছিলেন, কিছু মানুষের চাপে এটা করতে তিনি বাধ্য হয়েছিলেন।
সেসময় জেনি বলেছিলেন, রাওয়াত আমার সন্তানের পিতা নয়। সিবিআই তদন্তের ফলাফলে আমি খুশি।
মজার বিষয় হল, জেনি এখন নতুন করে তদন্ত এবং পুনরায় ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। অন্যদিকে, রাওয়াত অভিযোগ অস্বীকার করে কংগ্রেসকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে বিজেপি এই বিতর্ককে নতুন করে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন।