মালবাহী গাড়ির ধাক্কায় উল্টোডাঙায় ভাঙল হাইট বার

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মালবাহী বড় গাড়ির ধাক্কায় ভাঙল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইট বার। এখনো আংশিক ভাবে ব্যাহত যান চলাচল। সমস্যায় নিত্যযাত্রীরা। পাশাপাশি বাইপাস সংলগ্ন এলাকায় যানজট ।

মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। একটি বড় মালগাড়ি জোড়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে ফ্লাইওভারের হাইট বারে ধাক্কা লাগে। ভেঙে পড়ে হাইট বারটি। বন্ধ হয়ে যায় ফ্লাইওভার দিয়ে যান চলাচল।

উল্টোডাঙা ফ্লাইওভারে ভারী ও বড় পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট উচ্চতার হাইট বার বা ক্র্যাশ ব্যারিয়ার বসানো রয়েছে। নিয়মের তোয়াক্কা না করে ওই বড় ও উঁচু গাড়িটি এত গতিবেগে আসছিল যে ধাক্কা লেগে যায়।

আড়াআড়িভাবে রাস্তার উপর হাইট বারটি ভেঙে পড়ায় ইএম বাইপাস সংলগ্ন অঞ্চলে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ব্যস্ত সময়ে এই বিপত্তির কারণে ইএম বাইপাস ও সংলগ্ন ভিআইপি রোডের দিকে যাওয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।