মণিপুরে যাত্রবাহী গাড়িতে গুলি, নিহত ৪

44

নিউজ ডেস্ক: কিছুতেই শান্ত হচ্ছে না মণিপুর। শুক্রবার যাত্রবাহী গাড়িতে নির্বিচারে গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। এর মধ্যে দুজন মহিলা। মণিপুর উখরুল জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার মণিপুরের উখরুল জেলায় সন্দেহভাজন জঙ্গিরা দুটি গাড়িতে গুলি চালালে দুই মহিলা সহ চারজন নিহত হন।
পুলিশের এক আধিকারিক জানান, ইম্ফল-উখরুল সড়কের পাশে নিউ হেভেন এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে সশস্ত্র হামলাকারীরা দুটি গাড়িতে গুলি চালায়।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির যাত্রী দুই পুরুষ ও দুই মহিলা ঘটনাস্থলেই মারা যান। গাড়ি দুটির উইন্ডশিল্ডে গুলির চিহ্ন দেখা গেছে।
বৃহস্পতিবার কাংপোকপি জেলার তাফাউ কুকি গ্রাম এবং পার্শ্ববর্তী সেনাপতি জেলার কাইল্যাংজাংয়ের কাছে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় ৪২ বছর বয়সী এক কুকি মহিলা নিহত এবং দুজন পুরুষ আহত হয়েছেন।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে উপত্যকা-ভিত্তিক মেইতেই এবং পাহাড়ি কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিদাঙ্গা চলছে। এই সংঘাতের ফলে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে, ৪৯ জন নিখোঁজ হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।