নিউজ ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোন আড়ি পেতে শুনছেন। ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ (আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন) শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি যত অভিযোগ করেছি তার প্রমাণ আমার ফোনেই রয়েছে, যে ফোনে প্রধানমন্ত্রী আড়ি পাতছেন।
নিজের ফোন ট্যাপ করা সংক্রান্ত আরও অনেক তথ্য তাঁর কাছে রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সরাসরি মুখোমুখি বিতর্কের মাধ্যমেই প্রমাণিত হবে যে, কে বিদেশি শক্তির ইশারায় কাজ করছে, কে দেশবিরোধী এবং কে কতদিন ধরে দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।
২০২৩ সালে পেগাসাস নিয়ে বিতর্কে রাহুল বলেছিলেন, আমার ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিবিদের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে সতর্ক করেছিলেন যে ফোনে যা কিছু বলছি, সে বিষয়ে যেন সাবধান থাকি, কারণ ওরা সেসব রেকর্ড করছে।
সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি একটি প্রকাশ্য বিতর্কের পক্ষপাতী— এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি, এমনকি তাঁর মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়েছিল।
কংগ্রেস নেতা বলেন, আপনারা আমাকে কৃষি বিল, ভোট চুরি, এসআইআর, চিন, জেনারেল নারাভানের বই এবং এপস্টিন— এসব বিষয়ে আমাকে কথা বলতে দেননি। আমি একটি সরাসরি মুখোমুখি বিতর্ক চাই। আমি এমন কোনও বিতর্ক চাই না যেখানে শুধু দীর্ঘ বক্তৃতা দেওয়া হয়।
এরপর রাহুল বলেছেন, আমি চাই নরেন্দ্র মোদি আমার বিরুদ্ধে অভিযোগ আনুন এবং আমিও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনি। তিনি আসতে পারেন; একটি টেবিল থাকবে, যার এক পাশে থাকবেন নরেন্দ্র মোদীজি এবং অন্য পাশে থাকব আমি। তিনি আরও যোগ করেন যে, এই বিতর্কের বিচারক হিসেবে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বা আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিয়োগ করা হলেও তাঁর কোনও আপত্তি নেই।
তবে আমি নিশ্চয়তা দিচ্ছি যে, আমার সঙ্গে মুখোমুখি বিতর্কের পর প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না, বলেছেন রাহুল গান্ধী। এটিই প্রথম নয় যে মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল। বস্তু এর আগেও তিনি দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী যে একজন দেশদ্রোহী, তা প্রমাণ করতে তাঁর মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।
বিজেপি নেতারা এর আগেও এই বিতর্কের চ্যালেঞ্জকে গুরুত্ব দেননি। তাঁদের অভিযোগ, গান্ধী নিজেই সংসদে বিতর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান বেছে নিতে বলছেন, তখন সংসদে তো সেই স্থানটি আগে থেকেই রয়েছে। তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধীকে কিছুটা গাম্ভীর্য ও দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
Prev Post