লাদাখে ভোটের আগে গৃহবন্দি সোনম ওয়াংচুক!

52

নিউজ ডেস্ক: লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর নির্বাচনের আগে শিক্ষাবিদ, পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন স্বয়ং সোনম ওয়াংচুক। আগামী ৪ ডিসেম্বর লাদাখে পুর ও পঞ্চায়েত নির্বাচন এবং ৪ ডিসেম্বর হিল কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। বৃহস্পতিবার সোনম অভিযোগ করেছিলেন যে তাঁকে আগামী ৬০ দিন লেহ জেলায় কোনও অননুমোদিত মিছিল, জমায়েত বা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে।
লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের একটি আদেশ জারি করা হয়েছে। এর আগে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচন ৪ ডিসেম্বর আয়োজনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন সোনম। এজন্য সোনম ওয়াংচুককে লেহ-এর একটি প্রতিবাদ সভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, আমি, লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এতদ্বারা সোনম ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করছি। তিনি কোনও অননুমোদিত সভা, মিছিল বা জনসমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া, তাঁকে এমন কোনও কাজ থেকে বিরত থাকতে হবে যা জনশান্তি ভঙ্গ করতে পারে, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে অথবা লেহ জেলার ভৌগোলিক সীমানার মধ্যে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
এই আদেশ ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।
ওয়াংচুক এবং অন্যান্য স্থানীয় নেতারা নির্বাচনের এই সময়ের বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, শীতকালীন পরিস্থিতি এবং ঋতুভিত্তিক অভিবাসনের কারণে লাদাখের অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।
শুক্রবার সোনম ওয়াংকচুক সমাজমাধ্যমে লিখেছেন, আমি গৃহবন্দি। সশস্ত্র রক্ষীরা আমার বাড়ি ঘিরে রেখেছে, অথচ সরকারি ভাষ্য অনুযায়ী— আমাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসবই করা হচ্ছে কিছু অস্বস্তিকর প্রশ্ন তোলার কারণে, যেমন লেহ-তে গত বছর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশে কেন দেরি হচ্ছে? আর কেনই-বা তীব্র শীতের মধ্যে তড়িঘড়ি করে মানুষের ওপর একটি লোক দেখানো পরিষদ নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে? পুরো লাদাখ এখন প্রতিবাদমুখর। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আমার এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টের পৌঁছনোর ক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিতে সাহায্য করুন।
২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর, এই প্রথম সেখানে বড় কোনও নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শীতকালে নির্বাচন আয়োজনের প্রতিবাদে বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও, আটটি স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লেহ ও কার্গিলে দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
লাদাখের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী এই নির্বাচন স্থগিত করার দাবি জানাচ্ছে। নির্বাচনের সময়সূচির প্রতিবাদে মঙ্গলবার কার্গিলে পূর্ণ ধর্মঘট পালিত হয়েছে। লেহ-তে লাদাখ বৌদ্ধ সংগঠন পঞ্চায়েত ও পৌর নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।