সকাল থেকে দুর্গ রবীন্দ্র সরোবর, বন্ধ ছট পুজো

42

পৃথা দাশগুপ্ত,কলকাতা:রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দেয়নি রাজ্য সরকার। তাই আজ সকাল থেকে কার্যত দুর্গের চেহারা নিয়েছে রবীন্দ্র সরোবর। শনিবার দুপুর থেকে রবীন্দ্র সরোবরের ১২টি গেটই সিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, ফাঁক গলেও যেন একজনও সেই গণ্ডি টপকাতে না পারে তাই গেটের বাইরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। গোটা সরোবর এলাকার নজরদারিতে এক আইপিএস- এর নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ছট পুণ্যার্থীদের কলকাতা পুরসভার অধীনে প্রস্তুত রয়েছে ১৬৩ বিকল্প ঘাট। আজ সকালে সেই ঘাট পরিদর্শন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

দূষণ রোধে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ। রবীন্দ্র সরোবরের জল দূষণমুক্ত রাখতে বন্ধ গেটের বাইরে টাঙানো হয়েছে নোটিস। রবীন্দ্র সরোবরে মোট ১২টি গেট তালাবন্ধ।

শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রবেশ নিষেধ। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। যাতে কেউ গেট টপকে ভিতরে না ঢুকতে পারে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা।

২০১৭ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশের পর থেকেই রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রাখতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এমনকী, ২০২০ সালে ছটপুজো করতে দিতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেও জোর ধাক্কা খেয়ে ফিরে এসে তা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিগত তৃণমূল সরকার। তারপর থেকেই প্রতিবছর ছটে রবীন্দ্র সরোবরে তালা ঝুলেছে।

ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকাল সকাল বেহালার পর্ণশ্রীতে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। স্পষ্ট জানিয়ে দেন, ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনও প্লাস্টিক বা বর্জ্য পদার্থ কেউ যেন ফেলে দিয়ে না যায়। আবর্জনা মুক্ত রাখতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।