শ্রীভূমিতে সার্ক সাহিত্য মহাসম্মেলন

76

নিউজ ডেস্ক: শ্রীভূমি জেলার আছিমগঞ্জে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হল ঐতিহাসিক সার্ক সাহিত্য মহাসম্মেলন। চার দেশের প্রায় পাঁচ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে আন্তর্জাতিক মিলনক্ষেত্রে পরিণত হয় আছিমগঞ্জ। সম্মেলনে গীতা, কোরআন ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা। উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল, হংকং-সহ ভারতের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কবি ও গবেষক পুষ্পেন রায়। প্রধান আলোচক ছিলেন হংকংয়ের মুর্শিদ উজ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নেপালের কবি ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ এবং বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নীহার রঞ্জন দেবনাথ। সম্মেলনে নীহার রঞ্জন দেবনাথের সপ্তম কাব্যগ্রন্থ ‘এ কোন মহারাজ’-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের অসমের ঐতিহ্যবাহী ঝাঁপি, উত্তরীয়, সরাই ও স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়।
এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল বিশ্বজুড়ে মানবতা, অহিংসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা। কবিতা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সেই বার্তাই ছড়িয়ে দেন উপস্থিত সাহিত্যিক ও শিল্পীরা। সন্ধ্যায় কলকাতা, আগরতলা, গুয়াহাটি, শ্রীভূমি-সহ বিভিন্ন জায়গার শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহাসম্মেলন চলে রাত ১টা পর্যন্ত। সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য বার্তা দিয়ে শেষ হয় ঐতিহাসিক এই আয়োজন।