পৃথা দাশগুপ্ত, কলকাতা: নবান্নের ফলকের রং আগেই বদলেছিল। এবার নবান্নের গায়ে পড়তে চলেছে নতুন রঙ। নীল-সাদার পরিবর্তে কী গেরুয়া ? সূত্রের খবর ঠিক গেরুয়া রঙও হবে না। নবান্ন সাজবে হলুদ-সাদা রঙ দিয়ে।
সূত্রের খবর, শুধুমাত্র হলুদ নয়, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণ থাকবে নবান্নের দেওয়াল জুড়ে। কয়েক মাস আগেই নবান্নের ফলকের রঙ পাল্টানো হয়েছিল । এবার গোটা বিল্ডিং এর রং বদলের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে কাজ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি ভবন, রাস্তার ধার থেকে উড়ালপুল, নীল-সাদার বদলে এখন হলুদ-সাদা রং। নবান্নের সভাঘরেও এই রঙের পরিবর্তন হয়েছে। এবার নতুন সংযোজন রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন।
একাধিক পর্যায়ে আলোচনার পর নবান্নের রং বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর সূত্রের। নবান্নের সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছিল। নবান্নের পাশাপাশি উপান্ন ভবনের সংস্কার এবং দুই ভবনের ভিতরে-বাইরে মেরামতির কাজ হবে। এই প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।