পৃথা দাশগুপ্ত: যে সকল ভোটারদের নাম ভুল করে বাদ চলে গেছে, তাদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ। সাধারণ নাগরিক এবার নিশ্চিন্ত ।ফর্ম-৮ নিয়ে বড় খবর। জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, যে ভোটাররা রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছেন, তাঁদের আর আলাদা করে ফর্ম-৮ জমা দেওয়ার দরকার নেই।
সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই হলফনামাতেই জানানো হয় যে ভোটারদের যাদের নাম ভুল করে বাদ চলে গেছে তাদের নাম আবার তোলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ভোট দেওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করার বিষয় নাগরিকদের আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, গত ৬ নভেম্বর নির্দেশিকা জারি করা হয়েছে। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে সেখানের সিইও-দের নির্দেশ দেওয়া হয়েছে যে নাম বাদ পড়া ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করে ইআরও বা এইআরও-র কাছে জমা দিতে।
যারা রাজ্যের মধ্যেই স্থানান্তরিত হয়েছেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের আর ফর্ম-৮ জমা করার দরকার নেই। কমিশন সূত্রে খবর, তারা এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-সি জমা দেবেন, যেখানে নতুন ঠিকানা ও বিধানসভা উল্লেখ থাকবে। সঙ্গে ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হবে ইআরও বা এইআরও-র কাছে। এছাড়া বিএলও-র কাছেও জমা দেওয়া যাবে এই ফর্ম।