পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ টালিগঞ্জে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মালা রায় ঘটনাস্থলে পৌছনোর পরই তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর স্লোগান।
শান্তিপূর্ণ ছটপুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে সাংসদের বিরুদ্ধে। আজ মালা রায় ছট পুজোর প্রস্তুতি দেখার জন্য বিকল্প ঘাট পরিদর্শনে যান । এরপরই তাঁকে ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। ওঠে ‘চোর, চোর’ স্লোগান।
মালা রায়ের দাবি, বিকল্প ঘাটে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে এসে এই বিক্ষোভের মুখে পড়তে হয় । অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাঠ দখলের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।
পুরভোট হয়নি। তাই নিয়ম অনুযায়ী, ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। পাশাপাশি তিনি দক্ষিণ কলকাতার সাংসদও। তবে আজ তাঁর নিজের এলাকাতেই তাঁকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্লোগান পালটা স্লোগান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছটপুজোয় বাধা দেওয়ার চেষ্টা করেছেন সাংসদ। পাশাপাশি সাংসদের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকেন সাংসদ। পরে এলাকা ছেড়ে দিতে বাধ্য হন তিনি।