রাজ্যে পঞ্চম এনকাউন্টারে মৃত্যু রতন শেখের

44

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে পালাবদলের পর পঞ্চম এনকাউন্টার। শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলির ঘটনায় মৃত্যু মূল অভিযুক্ত রতন শেখের। পুলিশকে গুলি করার পর থেকে অধরা ছিল অভিযুক্ত রতন শেখ।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শেখ নামে কুখ্যাত এক দুষ্কৃতী শান্তিনিকেতনের লাইক বাজারে রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। গুলি লাগে ওই পুলিশকর্মীর পায়ে। কার্যত গুরুতর অবস্থায় প্রথমে জখম ওই কনস্টেবলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়
ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ।

শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।”

গুলি চালানোর ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই আজ দুপুরে রতন শেখকে গ্রেফতার করে পুলিশ ‌। জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। ‌গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।