মোহন ভাগবতের মণিপুর সফর নিয়ে প্রশ্ন কংগ্রেসের

43

নিউজ ডেস্ক: তিনদিনের মণিপুর সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তাঁর এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে মণিপুর কংগ্রেস। মণিপুর বিধানসভার বিরোধী দলনেতা কেইশাম মেঘচন্দ্র সিংয়ের মতে, মণিপুর আশ্বাস নয় চায় শান্তি।
মেঘচন্দ্র প্রশ্ন তুলেছেন যে, হিংসা কবলিত মণিপুরে আরএসএস প্রধান মোহন ভাগবতের তিন দিনের সফর আদৌ শান্তি পুনরুদ্ধারের পথে কোনও কার্যকর পদক্ষেপ বয়ে আনবে কি না। তিনি বলেন, মানুষের এখন আশ্বাসের প্রয়োজন নেই, বরং প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ।
তিনদিনের সফরে বুধবার বিকেলে ইম্ফলে পৌঁছন ভাগবত, থাকবেন ২০ নভেম্বর পর্যন্ত। এক আরএসএস কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে তিনি মণিপুরে আরএসএসের সাংগঠনিক কাজ ও সামাজিক উদ্যোগ পর্যালোচনা করবেন। পাশাপাশি, এই সংগঠনের শতবর্ষ উদ্‌যাপন কর্মসূচির অংশ হিসেবে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতিও খতিয়ে দেখবেন।
এই সফর প্রসঙ্গে মেঘচন্দ্র সিং বলেন, যখন হাজার হাজার মানুষ দীর্ঘস্থায়ী জাতিদাঙ্গার পরিণাম ভোগ করছেন, তখন মণিপুরে কেবল সাংগঠনিক বৈঠকের চেয়েও বেশি কিছু প্রয়োজন।
সমাজমাধ্যমে মেঘচন্দ্র বলেছেন, মণিপুরে সাংগঠনিক বৈঠক নয়, শান্তি প্রয়োজন। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই সফর আমাদের রাজ্যের চলমান সংকট নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।
কংগ্রেস নেতা ২০২৩ সালের মে মাসে হিংসা শুরুর পর থেকে প্রাণহানি, পরিবারগুলোর বাস্তুচ্যুতি, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হওয়া এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন আরও গভীর হওয়ার বিষয়টি তুলে ধরেন।
তিনি প্রশ্ন করেন যে, ভাগবত কি হিংসার শিকার বাস্তুচ্যুত পরিবার ও সম্প্রদায়গুলোর সঙ্গে সরাসরি কথা বলবেন? এ ছাড়া, তাঁর এই সফর মেইতেই, কুকি-জো এবং নাগা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা পুনর্গঠন ও সমঝোতা স্থাপনের লক্ষ্যে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন মেঘচন্দ্র।
তিনি আরও জানতে চেয়েছেন যে, দীর্ঘস্থায়ী এই সংকটে বিজেপি-নেতৃত্বাধীন রাজনৈতিক কাঠামোর ভূমিকা নিয়ে আরএসএস নেতৃত্ব কোনও বিবৃতি দেবে কি না।
মেঘচন্দ্র বলেন, সাংগঠনিক পর্যালোচনা বা শতবর্ষ উদ্‌যাপন আরএসএসের অভ্যন্তরীণ কর্মসূচির অংশ হতে পারে, কিন্তু মণিপুরের মানুষের দুর্ভোগকে কোনওভাবেই গৌণ করে রাখা যায় না।
সুনির্দিষ্ট ফলাফলের ওপর জোর দিয়ে মেঘচন্দ্র বলেন, রাজ্যটির পক্ষে নতুন করে শুধু আশ্বাসের বাণী শোনার মতো পরিস্থিতি আর নেই।
তিনি বলেন, মণিপুরের আর নতুন কোনো আশ্বাসের প্রয়োজন নেই। এখন আমাদের প্রয়োজন দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা, পুনর্বাসন, জবাবদিহিতা এবং একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক রূপরেখা।
মেঘচন্দ্র আরও যোগ করেন যে, হাজার হাজার পরিবার এখনও বাস্তুচ্যুত, তাদের ঘরবাড়ি পরিত্যক্ত, জীবিকা ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন সম্প্রদায় চরম ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিজেপির ওপর যদি আরএসএস নেতৃত্বের প্রভাব থাকে, তবে শান্তি, পুনর্মিলন এবং স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে অর্থবহ পদক্ষেপ গ্রহণের জন্য তারা সেই প্রভাবকে কাজে লাগাবে, এটা আশা করার পূর্ণ অধিকার জনগণের রয়েছে।
২০২৩ সালের মে মাসে উপত্যকা-ভিত্তিক মেইতেই এবং পাহাড়ি কুকি সম্প্রদায়ের মধ্যে যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়েছিল, তাতে অন্তত ৩০৬ জনের প্রাণহানি ঘটেছে; এ ছাড়া ৫০ জন এখনও নিখোঁজ এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত।
এর পাশাপাশি, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পাহাড়ি জেলাগুলোতে কুকি ও নাগা গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, যা রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে।