ভিয়েতনামে ৩২ ভারতীয় পর্যটকদের নিয়ে সমুদ্রে উল্টে গেল নৌকা, মৃত একাধিক

31

নিউজ ডেস্ক: ভিয়েতনামে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন ভারতীয় পর্যটকদের একটি দল। শনিবার ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘ফু কুয়ক’ (Phu Quoc) দ্বীপের কাছে সমুদ্রের মাঝখানে ৩২ জন ভারতীয় পর্যটককে নিয়ে যাচ্ছিল নৌকাটি। সেই সময়ই দুর্ঘটনা। অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলছে। বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।


ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘ফু কুয়ক’ (phu Quoc) দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে এবং ঘটনার সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার পরপরই ভিয়েতনামের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে সমুদ্রে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দিতে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল একটি বিশেষ সহায়তা কক্ষ (Help Desk) চালু করেছে। যার সাথে এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে: +৮৪ ৩৬ ২৮১ ৭৯৩০, +৮৪ ৯১ ৫৫২ ৩৭ ১৪ এবং +৮৪ ৩৩ ৪৫২ ০৪১৪। হ্যানয়-এও একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে +৮৪ ৯১ ৩০৮ ৯১৬৫ নম্বরে যোগাযোগ করা যাবে। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে তাঁরা সর্বক্ষণ নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সকলের নজর এখন ভিয়েতনামের সমুদ্র উপকূলে। নিখোঁজদের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ‘ফু কুয়ক’ (Phu Quoc) দ্বীপের কাছে যে নৌকাটি ডুবে গেছে, তাতে নিম্নলিখিত ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন।