নিউজ ডেস্ক: জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে গুজরাটে চাঁদিপুরা ভেসিকুলোভাইরাস (CHPV)-এর কারণে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া। বর্তমানে CHPV-তে আক্রান্ত ৭ জন রোগী গুজরাটের বিভিন্ন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্যদফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে এপর্যন্ত মোট ১৮৪টি সন্দেহভাজন CHPV সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জনের নমুনা পরীক্ষায় CHPV সংক্রমণ নিশ্চিত হয়েছে, আর ১১ জনের নমুনা পরীক্ষার ফলাফল ৪ আগস্টের পর জানা যাবে। চিকিৎসাধীন রোগীরা রয়েছেন গান্ধীনগর, রাজকোট এবং ভাবনগর সিভিল সহ একাধিক হাসপাতালে। চণ্ডীপুরা ভাইরাসে যে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে সব রোগীই ১৫ বছরের কম বয়সি। চণ্ডীপুরা ভাইরাস একটি ভাইরাসজনিত রোগ যা পোকামাকড়ের মাধ্যমে ছড়ায় । সাধারণত বেলেমাছির মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ১৯৬৫ সালে মহারাষ্ট্রের নাগপুর জেলার চণ্ডীপুরা গ্রামের একজন রোগীর শরীর থেকে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল। উচ্চ জ্বর, বমি, খিঁচুনি এবং স্নায়বিক জটিলতা এর প্রধান লক্ষণ। গান্ধীনগর, পাটান, রাজকোট, ভাবনগর-সহ গুজরাটের একাধিক জেলায় এই ভাইরাস দেখা গেছে।