পৃথা দাশগুপ্ত,কলকাতা: এমনিই তৃণমূল কংগ্রেসের খারাপ সময়। বিধানসভা ভোটে ভরাডুবির জন্য অনেকেই দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন জানিয়েছেন তিনি। প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন। বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল , আদালতের নির্দেশ ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। চোখের চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। এখন দেখার, আদালতে সেই অনুমতি দেয় কি না।