নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার AI2379 নম্বরের বিমানটি থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসছিল। বিমানটি VT-EXO এয়ারক্র্যাফ্ট দ্বারা পরিচালিত হচ্ছিল। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লিগামী বিমানটি। মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের (বায়ু-অস্থিরতা) জেরে বড়সড় আতঙ্কের সৃষ্টি হয়। ওড়ার সময় আচমকা প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমানটি। হঠাৎ এই ধাক্কায় বিমানের ভিতরে কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন। জখম হন ১৪ জন, তাঁদের মধ্য়ে ১০ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেন। সূত্রের খবর, একজন ক্রু গুরুতর আহত হয়েছেন। অতি সাবধানে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের আগেই চিকিৎসক ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছিল। নিরাপদে অবতরণের পর সমস্ত যাত্রী ও ক্রু নির্বিঘ্নে নেমে আসেন। যাঁরা আহত হয়েছেন, তাঁদের বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করা হচ্ছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা চলছে।’ তবে পাইলটদের সতর্কতায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সব যাত্রী।