সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র,লক্ষ্য আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো

20

নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার। এই অধিবেশনে কী হবে সেকথা উল্লেখ না করলেও সবার ধারণা লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আসবে সরকার। যে বিলের লক্ষ্য লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করা। এবং তার ভিত্তিতে মহিলা সংরক্ষণ চালু করা।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩) পাস হয়েছিল। তাতে লোকসভার বর্তমান ৫৪৩ আসনের মধ্যেই এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও তা কার্যকর করা হয়নি।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সমাজমাধ্যমে জানিয়েছেন, সোমবার, ৩০ নভেম্বর, লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন পুনরায় আহ্বান করা হয়েছে। উদ্দেশ্য, অত্যাবশ্যকীয় সরকারি কার্যাবলি সম্পন্ন করা। উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর সমাপ্ত হতে পারে।
গত এপ্রিলে সরকার মহিলা সংরক্ষণের আড়ালে আসন পুনর্বিন্যাস বিল এনেছিল লোকসভায়। সেবার বিরোধীদের সম্মিলিত প্রতিবাদে বিলের পক্ষে প্রয়োজনীয় ভোট জোগাড় করতে পারেনি সরকার।
এই বিল আদতে সংবিধান সংশোধনী বিল। এটি পাশ করাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। এবং সেজন্য ভোটাভুটি করাতেই হবে। ধ্বনিভোটে সংবিধান সংশোধনী বিল পাশ করানো যায় না।
ডিএমকে, এনসিপি-শরদ পওয়ার, তৃণমূলের দলত্যাগী ২০ সাংসদ, জগন রেড্ডির ৪ সাংসদে ভোট নিয়ে এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সাংসদদের ভোটদানে বিরত রেখে, ছোট দলের সাংসদদের সরকারের পক্ষে টেনে বিজেপির অঙ্ক যে আসন পুনর্বিন্যাস বিল পাশ হয়ে যাবে।
অধিবেশন ঘোষণার পর রণকৌশল ঠিক করতে কংগ্রেসের সংসদীয় স্ট্র্যাটেজি গ্রুপ দিল্লিতে বৈঠকে বসছে।
গত এপ্রিলে লোকসভায় তিনটি বিল পেশ করেছিল সরকার। সেগুলি ছিল ১. লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল (লোকসভার সাংসদের সংখ্যা ৮৫০ করার বিষয়টি এরই অন্তর্গত)। ২. লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)। ৩. কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে)। গত ১৭ এপ্রিল লোকসভায় প্রথম বিলটি দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন পেতে ব্যর্থ হওয়ায়, পরের দুটি নিয়ে আর ভোটাভুটি হয়নি।
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি কেন্দ্রের ঘোষণাকে সংসদীয় প্রতিষ্ঠানকে উপহাস বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘সংসদের বিধি অনুযায়ী এখন সংসদের শীতকালীন অধিবেশন বসার সময়। কিন্তু সরকার তা এড়িয়ে যেতে চাইছে।
বৃহস্পতিবার, সংবিধান দিবসে প্রকাশিত নিবন্ধে মোদী লিখেছেন, কোনও শক্তি মহিলা সংরক্ষণ আটকাতে পারবে না।