ছুটিতে বাড়ি ফিরেছিলেন, মিজোরামে রাস্তায় হামলায় নিহত জওয়ান, গ্রেফতার ৮

20

নিউজ ডেস্ক: মিজোরামের কোলাসিব জেলায় রাস্তায় গাড়ি চালানো নিয়ে বচসার জেরে নিহত ২৯ বছর বয়সি সেনা জওয়ান।
নিহত জওয়ান জাকারিয়া লালহ্রিয়াতলুয়াঙ্গা ছুটিতে বাড়ি ফিরেছিলেন। ২০ সেপ্টেম্বর কোলাসিব শহরের কাছে নিজের গ্রাম নিউ বুইলুম-এ যাওয়ার পথে ট্রাকচালক বন্ধু জন লালতানপুয়াইয়ার সঙ্গে তিনিও হামলার শিকার হন। রবিবার সন্ধ্যায় বুয়ালপুই ও থিংডাওলের মধ্যবর্তী এনএইচ-৩০৬ সড়কে এই ঘটনাটি ঘটে। রাস্তার খারাপ অবস্থার কারণে ধীরগতির যান চলাচলের জেরে বচসা থেকেই এই হামলার সূত্রপাত।
জাকারিয়ার মা লালথাজোভি জানান, তাঁর ছেলে ২০১৭ সালে আসাম রেজিমেন্টে যোগ দিয়েছিলেন এবং শ্রীনগরে কর্মরত ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই পরিবারের ভরণ পোষণ চালাতেন। তাঁর বাবা ভিএল দুয়াইলোভা একজন প্রাক্তন যাজক এবং বয়স ৭৮। তাঁর মায়ের বয়স ৬০ বছর। লালথাজোভি জানান, বয়সের ভারে তাঁরা কেউই আর উপার্জনে সক্ষম নন। লালথাজোভি বলেন, জাকারিয়া ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমরা বয়স্ক হওয়ায় আর উপার্জন করতে পারি না, তাই সেই ছিল আমাদের সবকিছু। এমনকি বাড়ি তৈরির জন্য সে ঋণও নিয়েছিল। তার মৃত্যুতে আমরা আজ সর্বস্বান্ত ও বিপর্যস্ত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জাকারিয়া ও জন জনের গাড়িতে করে যাচ্ছিলেন এবং নিউ বুইলুম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বুয়ালপুই এলাকায় তাঁদের বন্ধু লালচাওয়িলিয়ানার বাড়িতে চা-পানের জন্য থেমেছিলেন।
বুয়ালপুই থেকে রওনা হওয়ার পর, মহাসড়কের বেহাল দশার কারণে বিপরীত দিক থেকে ভুল পথে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, জন ট্রাকচালককে থামার কথা বলে বিষয়টি নিয়ে তাঁর কাছে কৈফিয়ত চান। ঠিক সেই মুহূর্তে, কাউনপুইয়ের একটি হকি দলের প্রায় ২০ জন তরুণ একটি পিক-আপ ট্রাকে করে সেখানে এসে পৌঁছয়। ওই তরুণরা থিংডাওলের কাছে পিকনিক রিসর্ট থেকে ফিরছিল।
অভিযোগ যে, তারা গাড়ি থেকে নেমে জনকে তাঁর গাড়ি থেকে টেনে বের করে এবং তার ওপর হামলা চালায়। জানা গেছে, জাকারিয়া তখন বাধা দেন এবং তাঁর বন্ধুর ওপর হামলা না করার অনুরোধ জানান। এর জেরে তাঁকেও মারধর করা হয়। গোলমালের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাওয়া লালচাওয়িলিয়ানার ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
লালথাজোভির অভিযোগ, নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলার পর জাকারিয়াকে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছিল। তিনি জানান, ঘটনার কিছুক্ষণ আগেই ছেলের সঙ্গে তার কথা হয়েছিল এবং ছেলে তাকে বলেছিল যে তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি পৌঁছবে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নাবালক ও এক মহিলা সহ মোট আটজনকে গ্রেফতার করেছে।
এদিকে, মঙ্গলবার নিউ বুইলুমের বাসিন্দারা কোলাসিব জেলা কারাগারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ন্যায়বিচারের দাবি জানান এবং গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের সবার সামনে শনাক্ত করার আহ্বান জানান।
ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর নিউ বুইলুম শাখার নেতাদের তথ্যমতে, এরপর পুলিশ অভিযুক্তদের সমবেত বাসিন্দাদের সামনে নিয়ে আসে এবং তাদের সবার সামনে শনাক্ত করে।