আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ। ধৃত গড়িয়ার এক যুবক ৷ আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ ।

বাপ্পা গুছাইত নামের ব্যাক্তি গড়িয়া সাহা কালীবাড়ি এলাকার বাসিন্দা । বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । আজ তাঁকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।‌

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে, এই ঘটনার পিছনে কারণ কী ? কারোর নির্দেশ ছিল কিনা ? কারা যুক্ত এই ঘটনার সঙ্গে? তাই ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে আইনজীবীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন । পুলিশের গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি রাজ্যকে এই ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে আজকের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।

আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের এজি সুরজিৎ নাথ মিত্র প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানান, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি হামলার ঘটনায় ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে । পাশাপাশি ব্যাঙ্কশাল আদালত এবং গড়বেতার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । রাজ্য সরকার সমস্ত আদালতে নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করছে । এই গ্রেফতারের পর সমস্ত আইনজীবীরা বিভিন্ন আদালতে কর্মবিরতি প্রত্যাহার করে।

বৃহস্পতিবার ভোরে সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ওঠে ৷ সিসিটিভি ফুটেজে দেখা যায় কাপড়ে মুখ ঢেকে এবং মোটরবাইকের নম্বর প্লেট আড়াল করে একজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে আসে । এরপর বোতল ছুঁড়ে বাড়ির একাধিক জানালার কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।