ঝড়ে উত্তরপ্রদেশে সেতু বিপর্যয়, মৃত ৬

46

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশে ঝড়ের তাণ্ডব। হামিরপুরে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু। ধ্বংসস্তূপে চাপা পড়ে কমপক্ষে ছয় জনের মৃত্যু। এখনও আটকে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোরাকান্দার থেকে কানদৌর গ্রাম পর্যন্ত বেতোয়া নদীর উপর এই সেতুটি তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার গভীর রাতেও সেতু নির্মাণের কাজ চলছিল। ২টো নাগাদ আচমকা ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বেশ কয়েকজন শ্রমিক হাইড্রা মেশনের তলায় আশ্রয় নেন। সেই সময়ই সেতু ভেঙে দুর্ঘটনাটি ঘটে।

হামিরপুরের ASP অরবিন্দ কুমার ভার্মা বলেন, ‘রাতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি সেতুর একাংশ ভেঙে গিয়েছে। অনেকেই তার তলায় চাপা পড়ে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘SDRF-কে ডাকা হয়েছে। উদ্ধারের কাজ চলছে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের গ্রাম থেকে প্রায় ৪০০ মিটার দূরে এই সেতুটি তৈরি হচ্ছিল। রাতেও নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ঝড়ে সেতুর একাংশ ভেঙে পড়ে। দুজন গার্ড সেতুর তলায় চাপা পড়ে মারা যান। এছাড়া কয়েকজন শ্রমিকও মারা গিয়েছেন। আরও অনেকে আটকে থাকতে পারেন।’

মৃতদের মধ্যে রয়েছে একজন ১৯ বছরের কুলদীপ নিশাদ। কুলদীপের বাড়ি উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা গ্রামে।

যে ছয় জন শ্রমিকের মৃত্য়ু হয়েছে-
১. লোকেন্দ্র, বয়স- ২২, চিল্লার বাসিন্দা
২. কুলদীপ নিশাদ, বয়স- ১৯, চিল্লার বাসিন্দা
৩. সাওয়ান্ত যাদব, বয়স- ২৮, ভুরাগড়ের বাসিন্দা
৪. শুভজিৎ, বয়স- ৩০, ভুরাগড়ের বাসিন্দা
৫. পুষ্পেন্দ্র সিং চৌহান, বয়স- ৩৪, স্বাসা খুর্দের বাসিন্দা
৬. রাজেশ পাল, বয়স- ৪২, আচপুরার বাসিন্দা

আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে।