অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ হাইকোর্টের

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সামাজিক মাধ্যমে মন্তব্য। সেই মন্তব্য উস্কানিমূলক। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোন‌ও পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অভিনেতাকে রক্ষাকবচ দিল আদালত। আগামী চার সপ্তাহের জন্য পরমব্রতর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে অভিনেতাকে। তদন্ত চালিয়ে যেতে হবে, নির্দেশ কলকাতা পুলিশকে।‌

হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে সমাজমাধ্যমে কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিনেতা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পরমব্রতর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে বলেন, ‘এতদিন পরে এই অভিযোগের কোনও ভিত্তি নেই। ওই মন্তব্য কারও ক্ষতিও করেনি। মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ খারিজ করা হোক।’

পাল্টা অভিযোগকারী আইনজীবীর স‌ওয়াল, ‘এটি উস্কানিমূলক বক্তব্য। ওই মন্তব্যের মাধ্যমে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। তৎকালীন সময়ে রাজ্যের পরিবেশ উত্তপ্ত হয় এই মন্তব্যের জন্য।’সেই সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ করেন আইনজীবী।

রাজ্য তদন্ত রিপোর্ট জমা দিলে তারপরেই পরবর্তী শুনানি।