নিউজ ডেস্ক: ঠিক এক বছরের ব্যবধান, ফের মেঘভাঙা বৃষ্টি। বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলার চেনাব উপত্যকা। হড়পা বানে স্তব্ধ জনজীবন। শুক্রবার গভীর রাতে ছাতরু এলাকায় শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। উঁচু এলাকায় হড়পা বানের জেরে সমতলে নেমে আসে বড় বড় পাথর, কাদা এবং পলিমাটি। বন্ধ হয়ে গেছে কিশ্তওয়ার-ছাতরু-সিন্থান মহাসড়ক।
পরিস্থিতির অবনতি ঘটায় জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে পাহাড় ভেঙে পড়ার আশঙ্কায় ডোডা এবং রামবান জেলাতেও স্কুল ছুটির নির্দেশিকা জারি করা হয়েছে।
হড়পা বানে একাধিক গাড়িও ভেসে যাওয়ার খবর মিলেছে। এখনও জলের তলায় উপত্যকার একাধিক ঘর-দোকান। খবর পেয়েই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ কথা বলেন কিস্তওয়ারের ডেপুটি-কমিশনার পঙ্কজকুমার শর্মার সঙ্গে। তিনি বলেন, ‘বিপর্যয়ের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আবাসিক ও ব্যবসায়ীদের সরকারি ত্রাণ নীতি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে উপত্যকায় স্থাপন করা হয়েছে ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’।
উল্লেখ্য, ২০২৫-এর আগস্ট মাসে জম্মু ডিভিশনের রামবন জেলায় নামে আসেছিল হড়পা বান। গতবছরের প্রাকৃতিক বিপর্যয়ে চণ্ডীমাতা মন্দিরগামী অর্ধশতাধিক পুণ্যার্থী সহ ৬৩ জনের মৃত্যু হয়েছিল। সে সময় নিখোঁজ হওয়া প্রায় ৩০ জনের সন্ধান এখনও মেলেনি।
