প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রেসের অভিযান

28

নিউজ ডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রেসের অভিযান। সোমবার ককরোচ পার্টির সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি-কাঁদানে গ্যাস চালানোর প্রতিবাদ মঙ্গলবার হঠাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে চলতে শুরু করেন কংগ্রেস সাংসদরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্রদের ওপর পুলিশের লাঠি চালানো নিয়ে সংসদের দুই কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেস সাংসদরা অবস্থান শুরু করেন।
প্রধানমন্ত্রীর দূত হিসেবে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করতে আসেন মন্ত্রী জিতেন্দ্র সিং। রাহুল গান্ধীকে ধর্না প্রত্যাহার করতে অনুরোধ জানান তিনি।
প্রশ্নফাঁস, দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় থাকেন রাহুল গান্ধী। ততক্ষণে ধর্নায় যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, শারদ পাওয়ারের এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে। প্রায় দুঘণ্টা স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদ-নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।
গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেছেন, প্রধানমন্ত্রীর দূত হিসেবে আমি গিয়েছিলাম রাহুল গান্ধীর কাছে। তিনি বলেন, প্রশ্নফাঁস, পুলিশের লাঠি চালানো নিয়ে সংসদে আলোচনার আশ্বাস পেলে ধর্না তুলে নেব। আমি তাতে রাজি হই। কিন্তু তারপরও রাহুল গান্ধী ধর্না প্রত্যাহার করেননি। প্রধানমন্ত্রীর বাসভবন হাই সিকিউরিটি জোন। সেখানে এভাবে ধর্না দেওয়া যায় না। ফলত পুলিশ তাদের কাজ করেছে।