চোরবাগানকাণ্ডে ঘোষক সেন্টু-কালিয়ার ভয়েস স্যাম্পেল নিতে আদালতে আবেদন পুলিশের

5

পৃথা দাশগুপ্ত: সপ্তমীর মর্মান্তিক ঘটনার সময় ঘোষণার দায়িত্বে থাকা সেন্টু ও কালিয়ার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনার সময় এলাকায় যে ঘোষণা করা হয়েছিল, তার সঙ্গে ধৃতদের গলা হুবহু মিলে যাচ্ছে কিনা, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ঘটনার মুহূর্তের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে খতিয়ে দেখার কাজ চলছে। বিতর্কিত বা নির্দেশমূলক ঘোষনার অডিও ফাইলগুলি ল্যাবরেটরিতে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনার সময়কার মাইকিংয়ের ৩-৪টি অডিও এবং ভিডিও ক্লিপ বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছে। এখন মূল পরিকল্পনা হল, আদালতের অনুমতি নিয়ে ধৃত সেন্টু ও কালিয়ার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা। সংগৃহীত ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মিলিয়ে দেখা।

চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৬০ জনের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। এই দীর্ঘ তালিকায় রয়েছেন সেদিনের ঘটনায় আহত বেশ কয়েকজন ব্যক্তিও। পাশাপাশি, ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের বেশ কয়েকজন হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার বাঔ স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মী এবং স্থানীয় এলাকার বেশ কিছু সাধারণ মানুষেরও বয়ান নেওয়া হয়েছে।