৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পীতে মহালয়ায় মেগা শো ইডেনে, থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

8

পৃথা দাশগুপ্ত: ইডেনে মেগা শো-র আয়োজন থাকছে মহালয়ায়। আর সেই অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে গোনা কয়েকটা দিন। জোর কদমে চলছে প্রস্তুতি । ইতিমধ্যেই সব পরিকল্পনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

১০ অক্টোবর, মহালয়ার অনুষ্ঠানে কেমন হবে?

সূত্রের খবর, ইডেন থেকেই ভার্চুয়ালি কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধে ৭টা থেকে রাত ৮টা ২০ পর্যন্ত ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে পৌঁছনোর আগে রেড রোডে রোড শো করবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রোড শো করে ইডেনে পৌঁছনোর পর উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে তাঁদের। বিকেল ৫টা থেকে ইডেনে শুরু হবে অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ৬ হাজার শিল্পী। থাকার সম্ভাবনা শান্তনু মৈত্র, শান, লগ্নজিতা চক্রবর্তী , অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী আর বাংলা ব্যান্ড ‘দোহার’। ৩ হাজার ঢাকি থাকবেন অনুষ্ঠানে। ইডেনের হোম ড্রেসিংরুমে থাকবেন প্রধানমন্ত্রী। অ্যাওয়ে ড্রেসিংরুমে থাকবেন মুখ্যমন্ত্রী। গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী।সূত্রের খবর, শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মিলনীর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভাষণ শেষে দু’জনে ইডেন থেকে বেরোবেন রাত ৮টা ২০-তে। তারপর ইডেনে ড্রোন শো আর আতসবাজি প্রদর্শনী হবে। প্রায় ৩৫ হাজার দর্শক থাকতে পারবেন ইডেনে। তার মধ্যে ২৫০০ আসন থাকবে ভিভিআইপি-দের জন্য সংরক্ষিত। ক্লাব হাউসের দু’পাশের ব্লকে গ্যালারিতে থাকবে মঞ্চ। সেখানেই রাজ্যের মন্ত্রী সহ ভিভিআইপিদের বসার ব্যবস্থা থাকবে। সিএবি সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।