নিউজ ডেস্ক : মুম্বাইয়ের রাহুলনগর এলাকা। পুলিশের বয়ান অনুযায়ী, ভোরবেলায় মোবাইলে গান বাজাচ্ছিলেন বছর চল্লিশের সুনীল বিশ্বকর্মা। বাড়িতে সেইসময় ছিলেন সুনীলের দুই ভাই সুরেন্দ্র ও সুরজ বিশ্বকর্মা। বিরক্ত হয়ে প্রথমে এক ভাই তাঁকে শব্দ কমাতে বলেন। এরপরই বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় বচসা, যা পরে হাতাহাতিতে গড়ায়। পুলিশ জানায়, আচমকা সুরেন্দ্র ও সুরজ দুই ভাই মিলে সুনীল এবং তাঁর ১৪ বছর বয়সি ছেলেকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। স্বামী ও ছেলেকে বাঁচাতে চিৎকার করতে থাকেন সুনীলের স্ত্রী। সুনীলের স্ত্রী ও ছোট ছেলে তাঁদের বাঁচাতে গেলে নিজেরাও গুরুতর জখম হন। সুনীল বিশ্বকর্মা ঘটনাস্থলেই মারা যান। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। জোনাল ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অভয়সিংহ দেশমুখ জানিয়েছেন এই খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ফরেনসিক পরীক্ষা শুরু করেছে। পুরনো কোনো পারিবারিক বা সম্পত্তিগত বিবাদ এর পেছনে ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত দুই ভাই সুরেন্দ্র ও সুরজ বিশ্বকর্মাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।