উৎসবের আনন্দ নিমিষেই মিশে যায় বিষাদে! আমেরিকার সিয়াটলে বন্দুকবাজদের হামলায় নিহত ২

20

নিউজ ডেস্ক: উৎসবের আনন্দ নিমিষেই মিশে যায় বিষাদে। হঠাৎ গুলির শব্দে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সৃষ্টি হয় হুলুস্থূল পরিস্থিতি। মুহূর্তের মধ্যে উৎসবে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। কিন্তু, ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে মারা যান দু’জন। হাসপাতালে চিকিৎসাধীন ২ বছরের এক শিশুসহ পাঁচজন। আমেরিকায় বন্দুকবাজদের এই হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে পাকড়াও করা হয়েছে।

ভারতীয় সময় সোমবার ভোররাতে, স্থানীয় সময় রবিবার। ওয়াশিংটন প্রদেশের সিয়াটল সেন্টারে চলছিল জনপ্রিয় খাদ্য উৎসব ‘ব্রাইট অফ সিয়াটল’। রবিবার ছুটির দিনে থাকায় সেখানে ভিড় উপচে পড়ে মানুষের। তখনই সেখানে ভিড় লক্ষ করে একদল দুষ্কৃতী এলোপাথারি গুলি চালাতে শুরু করে। দুষ্কৃতীদের হামলায় ঘটনাস্থলে মারা যান দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা একের পর এক গুলির শব্দ শুনতে পান। এরপর উৎসবস্থলে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে দৌড়তে শুরু করেন। উৎসবের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন বন্দুক হামলার ঘটনায় স্থানীয় ও পর্যটকরা যথেষ্ট উদ্বেগে রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে উদ্ধারকাজ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিরুনি তল্লাশি শুরু হয় পুরো সিয়াটলে। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সমস্ত সিসি ক্যামেরা। সিয়াটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে শুরু রয়েছে তদন্ত। গুলি চালানোর অভিযোগে সিয়াটলে পুলিশ একজনকে পাকড়াও করেছে। তবে হামলার উদ্দেশ্য, হামলাকারীর পরিচয় এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।