খেলার মাঠে বজ্রপাত! ঝলসে মৃত্যু তরুণ ফুটবলারের

43

নিউজ ডেস্ক: ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাত। খেলার মাঠে প্রাণ গেল তরুণ ফুটবলারের। বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মর্মান্তিক এই ঘটনা থাইল্যান্ডের। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

দক্ষিণ থাইল্যান্ডের শান্তিফাপ স্টেডিয়ামে চলছিল ‘গোলক কাপ’ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। প্রবল বৃষ্টির মধ্যেই চলতে থাকে খেলা। মাঠের মাঝে ফুটবলাররা যেখানে দৌড়োচ্ছিলেন ঠিক সেখানেই বজ্রপাত হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বজ্রপাত সরাসরি আঘাত হানা মাঠে দৌড়তে থাকা এক ফুটবলারের শরীরে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফুটবলার ও দর্শকেরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকেন।

অচেতন অবস্থায় দ্রুত ওই তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসালয়ে নিয়ে আসার আগেই মৃত্যু হয় ওই ফুটবলারের। এদিকে, আহত অন্য ১২ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন মালয়েশিয়ার ফুটবলারও রয়েছেন। নিহত তরুণ ফুটবলার সাফওয়ান আওয়ায়ে উইঙ্গার ও স্ট্রাইকার দুই ভূমিকাতেই খেলতেন। সম্প্রতি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ‘এফসি ইয়ালা’র সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, এই ক্ষতি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

ভি়ডিও দেখুন……