মোদীর জন্মদিনে অনুপস্থিত পড়ুয়াদের জরিমানা, IIM জম্মুতে ব্যাপক বিতর্ক!

17

নিউজ ডেস্ক: গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন ছিল। মোদীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল। শুধু তাই নয়, অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে তাঁদের লিখিত ভাবে জানাতে হবে কেন তাঁরা অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ৫০০ টাকা জরিমানার কথাও জানানো হয়েছিল IIM জম্মু-র তরফে। অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে IIM জম্মুতে প্রদীপ জ্বালানোর আয়োজন হলেও কয়েকজন পড়ুয়া অনুপস্থিত ছিলেন। তাঁদের ছাত্র পরিষদের তরফে নোটিস পাঠানো হয়। এরপরই সরব হয়েছে কংগ্রেস। দলের নেতা সৈয়দ নাসির হুসেনের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের কোনও রাজনৈতিক ব্যক্তির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচার করা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে, IIM জম্মুর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পড়ুয়ার কাছ থেকেই জরিমানা আদায় করা হয়নি। প্রতিষ্ঠানের দাবি, পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ তাঁদের সামগ্রিক বিকাশের অংশ। তবে মোদীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে শীঘ্রই বৈঠক করে পর্যালোচনা করা হবে।
ফলে নোটিসে জরিমানার উল্লেখ, পড়ুয়াদের উপস্থিতির নির্দেশ সব মিলিয়ে IIM জম্মুর এই কর্মসূচি নিয়ে এখন শুরু হয়ছে নানা জল্পনার।