ছুটি দিল হাসপাতাল, বাড়ি ফিরলেন বুদ্ধ-জায়া মীরা

20

পৃথা দাশগুপ্ত,কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মীরা ভট্টাচার্য। আজ পাম এভিনিউ এর বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। গত শুক্রবার পেটে ব্যথার সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক সৌপ্তিক পণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। ছাড়া পেলেও আপাতত তাঁকে নিয়মের মধ্যেই থাকতে হবে ।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ মেনেই আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরোনোর সময় মীরা ভট্টাচার্য জানান তিনি এখন ভালো আছেন ।

হাসপাতালে ভর্তির সময় মূলত পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন । তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সিটি স্ক্যানও ও কোলোনস্কপিও করা হয়েছে তাঁর ।

পরীক্ষায় ডান দিকে বড় কোনও সমস্যা ধরা না পড়লেও পেটের বাঁ দিকে একটি পুরু আস্তরণ আছে, বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে পেটের ব্যথা কমে আসে। এরপর রক্ত পরীক্ষাও করা হয়।

চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন এবং চিকিৎসায় সাড়া কেমন মিলছে, তা খতিয়ে দেখেন।

হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সেই মতো আজ সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে তাঁকে ছুটি দেওয়া হয়।