যোগাভ্যাসে মোদী, যোগস্থান ঘুরে দেখে অন্যদের যোগভঙ্গি ঠিকও করে দিলেন

12

পৃথা দাশগুপ্ত, কলকাতা: প্রাণের শহরে এ এক ঐতিহাসিক মুহূর্ত। কলকাতা রেড রোডে উদযাপিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে সামিল নেতা থেকে সাধারণ মানুষ। একাধিক আসনের অনুশীলনে যোগ দিলেন তিনি। ঘুরে ঘুরে দেখলেন বাকিদের অনুশীলন। কারও কারও যোগের ভঙ্গি ঠিক করে দিলেন।

কয়েকজনের যোগ ভোঙ্গি ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ ভোরবেলাই রেড রোডে পৌঁছে যান প্রধানমন্ত্রী। বাকিদের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন। বসে এবং দাঁড়িয়ে বেশ কিছুটা অনুশীলনের পর, গোটা চত্বর ঘুরতে দেখা যায় তাঁকে। এমনকি, অনেকের যোগ-ভঙ্গি নিজে দাঁড়িয়ে শুধরে দেন। অন্যদিকে, মোদীর সঙ্গে মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে শহরের নানাপ্রান্তে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।সেখানে রেড রোডের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জায়ান্ট স্ক্রিনের সামনে পেতে দেওয়া হয়েছে বেশ কিছু আসন, বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। ‌

অনুশীলন শুরুর আগে, যোগাভ্যাসের কার্যকারিতার সম্পর্কে ভাষণ দিয়েছেন তিনি। ‌ তিনি বলেন, “এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল, ‘যোগা ফর হেল্‌দি এজিং’। অর্থাৎ, বার্ধক্যকেও সুন্দর এবং স্বাস্থ্যবান করে তুলতে পারে একমাত্র যোগব্যায়াম। ৪০ বছরেও যোগ ২০ বছরের সতেজতা এনে দিনে পারে।’’

পাশাপাশি সমগ্র বিশ্বে যোগের যে প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দদের মতো মনীষীরা তাঁদের কথা‌‌ও উল্লেখ করতে ভোলেননি। তাঁর কথায়, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন, মানুষের পরিচয় আশপাশের মানুষের সঙ্গে জুড়ে থাকায়। এই জুড়ে থাকাই হল যোগ। মহর্ষি অরবিন্দ বলতেন, আমাদের পুরো জীবন যোগ। তাই বলি, যোগ কেবল শারীরিক আসন নয়। কোনও এক আয়ুবর্ষে তা সীমিতও নয়। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ।’’