বন্যাত্রাণে কোনও অবহেলা হয়নি: হিমন্ত

29

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। দুর্গতদের উদ্ধার এবং বন্যাত্রাণে অবহেলার অভিযোগ বিরোধীদের। তার জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যাত্রাণে কোনও অবহেলা হয়নি। বন্যাক্রান্ত অঞ্চলে দুর্গতদের উদ্ধার, আশ্রয় শিবিরের ব্যবস্থা এবং ত্রাণ বণ্টনে কোনও খামতি রাখেনি সরকার। পাশাপাশি এটাও উল্লেখ করেন যে খুব সামান্য কিছু জায়গায় বন্যার্তদের কাছে এখনও পৌঁছতে পারেনি প্রশাসন।
এক ভিডিয়োবার্তায় হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শিবসাগরের নাজিরয়ায় বন্যাক্রান্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার। দুর্গতদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনী।
কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদল শনিবার অসমের বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা ঘুরে দেখেছেন। তাঁদের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকার অসমকে সহায়তা করবে। চরাইদেও এবং শিবসাগর জেলার স্কুল এবং পড়ুয়াদের বইপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে চলতি বন্যায়। স্কুলপড়ুয়াদের ফের বইপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে, বলেছেন হিমন্ত। এ ছাড়া ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে আর্থিক সাহায্য করবে সরকার।
হিমন্ত বলেছেন, বন্যাত্রাণে সরকারের পাশাপাশি বিজেপি কর্মীরাও ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির অন্তত ৫০ লক্ষ কর্মী বন্যাত্রাণে কাজ করছে। সবার থেকে স্বেচ্ছামূলক আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। হিমন্তর আশা, অন্তত ১২ কোটি টাকা এভাবে উঠে আসবে।