অসমে বন্যায় মৃত ৮২

15

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৮২ ছুঁয়েছে। এখনও চারটি জেলায় বন্যার প্রভাব দূর হয়নি। চরাইদেও, শিবসাগর, গোলাঘাট এবং শিবসাগর জেলার ২.১২ লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে ১১২ আশ্রয় শিবিরে বর্তমানে রয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।
অসমের রাজ্যপাল লক্ষ্ণণপ্রসাদ আচার্য হেলিকপ্টারে শিবসাগর, চরাইদেও এবং যোরহাট জেলার বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শন করেছেন। গিয়েছেন আশ্রয় শিবিরেও। খোঁজ নিয়েছেন খাবার, পানীয় জল, নিকাশি ব্যবস্থার। অসমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদফায় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উজান অসমের বন্যার বর্ণনা দিয়েছেন অস্বাভাবিক, তীব্র এবং দ্রুত আঘাত হানার মতো ঘটনা বলে। বন্যাত্রাণে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার কথা ঘোষণা করে হিমন্ত বলেছেন, বন্যাক্রান্ত অঞ্চলে প্রায় ১২ হাজার পরিবারে প্রায় দুসপ্তাহ হল বিদ্যুৎ নেই।
অসমের যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বন্যাত্রাণে ঝাঁপিয়ে পড়ার জন্য স্বেচ্ছাসেবক, অসরকারি সংগঠন এবং সাধারণ নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন সমাজমাধ্যমে।
এক্স পোস্টে গৌরব গগৈ বলেছেন, রাস্তা ভেসে গেছে, বিভিন্ন জায়গায় গোটা গ্রাম বিধ্বস্ত। অপরিসীম যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বন্যাক্রান্ত মানুষ। তারপরও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে বন্যাত্রাণে। এসব কাজের অভিজ্ঞতা ছাড়াই এগিয়ে এসেছে যুবসমাজ। তাঁদের সময়, শ্রম, অর্থ দিয়ে সেবা করছেন বন্যাক্রান্তদের। সবাইকে অপরিসীম ধন্যবাদ।