নিউজ ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর কথায়, যতদিন ভারতে সনাতন থাকবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চুলও ছিঁড়তে পারবেন না রাহুল গান্ধী।
নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে বারাণসীতে হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি রাহুল গান্ধীকে উদ্দেশ করে বলেন, রাহুল গান্ধী, শুনে রাখুন, ভারতে যতদিন সনাতন ধর্মের শক্তি বিদ্যমান, ততদিন আপনি নরেন্দ্র মোদীর একটি চুলও ছিঁড়তে পারবেন না।
মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হিমন্ত এবং গত দুই দশকে বিজেপির বিস্তার ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন।
প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কার্যকালের প্রসঙ্গ টানার সময় অসমের মুখ্যমন্ত্রী অযোধ্যার রাম মন্দিরের কথাও উল্লেখ করেন।
হিমন্ত বলেন, ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার আগে হিন্দু সমাজের অনেকেই বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল যে, বাবরি মসজিদের সংশ্লিষ্ট স্থানে আদৌ কোনও দিন রাম মন্দির নির্মিত হবে। কিন্তু আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাবরকে হটিয়ে রাম মন্দির নির্মাণ করেছি।
মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে মোদীর পদক্ষেপের কথা উল্লেখ করে হিমন্তর দাবি, নকশালবাদের অবসান ঘটেছে ও দেশে শান্তি ফিরে এসেছে।
হিমন্তর কথায়, একটা সময় ছিল যখন সংসদেও হামলা চালানো হত। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা আমাদের দেশে ঢুকে সংসদে হামলা চালাত। কিন্তু আজ পাকিস্তান আর ভারতে আসে না, বরং ভারত পাকিস্তানে ঢুকে তাদের ধ্বংস করে। এটাই আমাদের নেতৃত্ব।
হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন যে, আগামী ৫০ বছর ধরে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট ও অসমে বিজেপি ক্ষমতায় থাকবে।
নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মোদীর জন্মস্থান গুজরাটের ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত একটি বাইক র্যানলিরও আয়োজন করা হয়েছিল।
Prev Post
Next Post