চাঁদার জুলুম, পুলিশি হুজ্জোতির বিরুদ্ধে হুঁশিয়ারি রঞ্জিৎকুমার দাসের

7

অঞ্জনজ্যোতি নাথ, বরপেটারোড: চাঁদার জুলুম, মদ-জুয়া এবং পুলিশি হুজ্জোতির বিরুদ্ধে হুঙ্কার বিধানসভার অধ্যক্ষ রঞ্জিৎকুমার দাসের। ভবানীপুর-সরভোগ কেন্দ্রের নব-নিৰ্বাচিত বিধায়ক রঞ্জিৎকুমার দাস শপথ নেওয়ার পর প্ৰথমবারের জন্য বরপেটারোড এবং সরভোগে উপস্থিত হয়ে অ্যাকশন মুডে নেমে পড়েন। এলাকায় দীৰ্ঘদিন ধরে পুলিশি হয়রানি, বেআইনি তোলা আদায়, মদ-জুয়া এবং চাঁদার জুলুমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা রঞ্জিৎকুমার দাসের।

সুস্থ এবং আদৰ্শ সমাজ গঠনের মাধ্যমে ভবানীপুর-সরভোগ কেন্দ্রকে প্ৰগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মতপ্রকাশ করেন নব-নির্বাচিত বিধায়ক দাস। পুলিশ এবং দুর্নীতিপরায়ণ অফিসারদের কঠোর হুঁশিয়ারি রঞ্জিতের। বরপেটারোড এবং সরভোগ পুলিশকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে রঞ্জিৎ দাস বলেন, ‘পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে আমিও আমার ক্ষমতা প্ৰয়োগ করতে বাধ্য হব’।

রঞ্জিৎ স্পষ্ট ভাষায় বলেন, সরভোগ থানার ভারপ্ৰাপ্ত পুলিশ অফিসার, রাজস্ব সার্কেল অফিসার বা বনকর্তা যদি দুৰ্নীতি বন্ধ করার জন্য ক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে সরভোগ ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত তাঁদের। তাঁর স্পষ্ট বার্তা, দুৰ্নীতিগ্ৰস্ত অফিসার-কৰ্মচারীদের কোনও কারণেই প্ৰশ্ৰয় দেওয়া হবে না। সমাজ থেকে সব ধরনের সমাজ-বিরোধী এবং অনৈতিক কাৰ্যকলাপ উৎখাতের আহ্বান জানিয়ে রঞ্জিৎ বলেন, ‘মদ-জুয়া ছাড়ুন। আগের বদভ্যাস এখন আর চলবে না।’

অধ্যক্ষের প্রশংসা মনোরঞ্জন তালুকদারের

রবিবার সরভোগের কালীমন্দির চত্বরে সরভোগ পুরসভা এবং জনসাধারণের সহযোগিতায় অনুষ্ঠিত এক সংবৰ্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাথর ও বালি মাফিয়ার বিরুদ্ধে পুলিশ-প্ৰশাসনকে কঠোর হওয়ার নিৰ্দেশ দেন। একইভাবে, চাঁদার জুলুমের বিরুদ্ধেও সতর্ক করে দেন।

দুর্নীতির বিরুদ্ধে বিধানসভার অধ্য রঞ্জিৎকুমার দাসের কঠোর অবস্থানের প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন তালুকদার। রাজনৈতিক মতপার্থক্য ভুলে অধ্যক্ষের ভূয়সী প্ৰশংসা করেন প্ৰাক্তন সিপিআই(এম) বিধায়ক মনোরঞ্জন তালুকদার। রঞ্জিৎকুমার দাসের পদক্ষেপকে স্বাগত জানিয়ে সিপিআই(এম)-এর প্ৰাক্তন বিধায়ক মনোরঞ্জন তালুকদার এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষকে সহযোগিতার আশ্বাস দেন।