হাইলাকান্দিতে সক্রিয় ধানের সিন্ডিকেট!

38

অমিতাভ শর্মা, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার সরকারি ধান ক্রয়কেন্দ্রকে ঘিরে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। উৎপাদিত ধান সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন জেলার বহু কৃষক।
হাইলাকান্দির বোয়ালিপাড়া এলাকায় সরকারি প্যাডি প্রোকিউরমেন্ট সেন্টার (Paddy Procurement Centre)-এ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা রয়েছে। চলতি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণ করা হয়েছে ২,৩৬৯ টাকা।
তবে কৃষকদের অভিযোগ, কেন্দ্রটিকে ঘিরে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাঁরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ অনুযায়ী, অনেক কৃষকের কাছ থেকে ১০০ বস্তার বেশি ধান গ্রহণ করা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে তাঁদের কম দামে পাশের রাইস মিলগুলিতে ধান বিক্রি করতে হচ্ছে।
এছাড়াও, কিছু অসাধু ব্যবসায়ী ভুয়ো বা জালিয়াতির মাধ্যমে কৃষক সনদ (Farmer Certificate) সংগ্রহ করে সরকারি কেন্দ্রেই বিপুল পরিমাণ ধান বিক্রি করছেন বলেও অভিযোগ তুলেছেন প্রকৃত কৃষকরা।
উল্লেখ্য, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতেই সরকার এই ব্যবস্থা চালু করেছিল। কিন্তু হাইলাকান্দিতে সেই ব্যবস্থাই একটি প্রভাবশালী সিন্ডিকেটের কবলে পড়েছে বলে অভিযোগ। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা।