নিউজ ডেস্ক: দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর পুলিশের প্যালেট গান, ইলেকট্রিক শক ব্যাটন, পেরেক লাগানো লাঠি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের সিওয়ানে ছাত্রবিক্ষোভে পুলিশ একে ৪৭ ব্যবহার করায় মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা।
কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সর্বত্র পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও পশ্চিমবঙ্গ, বিহার, অসম ও উত্তর প্রদেশে এখনও অনেক এফআইআর প্রত্যাহার করা হয়নি।
এবিষয়ে সুপ্রিম কোর্টে সোমবার বলেছে, মারাত্মক ও ভয়াবহ পূর্ব অপরাধ থাকলে মামলা প্রত্যাহার হবে না। ড্রাইভিং লাইসেন্স না থাকা, রাজনৈতিক প্রতিবাদের জন্য মামলা থাকলে এফআইআর প্রত্যাহার করতে হবে।
মামলাকারীর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, একমাত্র খুন বা ধর্ষণের অভিযোগে এফআইআর থাকলে তাকে পূর্ব-অপরাধ বলে বিবেচনা করা হোক।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, সব এফআইআর প্রত্যাহার করা যাবে না। যদিও কেন্দ্রীয় সরকার সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করছে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেন, এসআইটি নয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিকে দিয়ে তদন্ত করতে হবে। এর নেতৃ্ত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি। এ ছাড়া নিরস্ত্র বিক্ষোভ থামাতে পুলিশের আচরণবিধিও স্থির করতে হবে। যদিও পড়ুয়া বিক্ষোভকারীদের ওপর প্যালেট গান, ইলেকট্রিক শক ব্যাটন, পেরেক লাগানো লাঠি ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি।
সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১৮ আগস্ট।