বাড়িতে ঢুকে মাথায় কামড়, মহিলাকে জঙ্গলে তুলে নিয়ে গেল বাঘ!

62

নিউজ ডেস্ক: রবিবার রাতে বাঘের থাবায় প্রাণ গেল এক মহিলার। রাতে কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন বছর তিরিশের ওই মহিলা। বাঘ নিঃশব্দে বাড়িতে ঢুকে মাথায় কামড়ে তুলে নিয়ে যায় মহিলাকে। পরিবারের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু, ততক্ষণে মহিলাকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায় বাঘটি। স্থানীয়দের তাড়া খেয়ে বাঘটি পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মহিলার। ঘটনার পর থেকে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানের বৈগাটোলা গ্রামের ঘটনা। জঙ্গলে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই গ্রামে রাত দেড়টা নাগাদ হানা দেয় বাঘটি। মৃত মহিলার নাম সুগনি বাই ধুরভে। কানহা জাতীয় উদ্যানের বাফার জোনের এক বনকর্মী জানান, ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে। এলাকায় একটি খাঁচা বসানোর পাশাপাশি টহলদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসিন্দাদের রাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দিন বা রাতে অকারণে জঙ্গলে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বিভাগের তরফে। এ ছাড়া শিশু ও প্রবীণদের একা না রাখার পরামর্শ দিয়েছে বন দফতর।

উল্লেখ্য, জঙ্গল কেটে বসতি স্থাপন করায় দিনদিন বাড়ছে বাঘ-মানুষের সংঘাত। বিশেষ করে ‘টাইগার রিজার্ভ’ সংলগ্ন অঞ্চলে ২০১৫ থেকে ২০২৫-এর মধ্যে গোটা দেশে বাঘের আক্রমণে মারা গেছেন প্রায় ৬০০ জন।

দেখুন ভিডিও……