ধৃত সব আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

30

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের পর সুপ্রিম কোর্টও স্পষ্ট ভাষায় নির্দেশ দিল যে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে যেসব আন্দোলনকারীকে গ্রেফতার বা আটক করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেন, নিরীহ মানুষের ওপর যে বা যারা অত্যাচার করেছে, আইনের সীমা পেরিয়ে হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য দররকার একটি পূর্ণাঙ্গ স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত। যদি কাউকে দায়ী বা দোষী প্রমাণ না করা যায় তাহলে সেই তদন্তের কোনও অর্থ নেই।
নিট প্রশ্নফাঁস, পুলিশি অত্যাচার নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, সিসিটিভি, ড্রোন, বডি ক্যামেরার সব ফুটেজ সংরক্ষিত রাখতে হবে। কোনও প্রতিবাদী পড়ুয়ার ডিজিটাল তথ্য প্রকাশ করা যাবে না। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারী কোনও ছাত্রকে আটক বা গ্রেফতার করে রাখা যাবে না এবং ভবিষ্যতেও কোনও আইনি পদক্ষেপ করা যাবে না। অপরাধের ইতিহাস না থাকলে সব ধৃতকে মুক্তি দিতে হবে। এই নির্দেশ কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞপ্তি দিয়ে অবিলম্বে জানিয়ে দিতে হবে দিল্লি, অসম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং কেরলম সহ দেশের সব রাজ্যে। এই মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট।
দিল্লিতে সিজেপির সংসদ চলো অভিযানে অন্তত দুবার আন্দোলনকারীদের লক্ষ করে ছররা গুলি ছোড়া হয়েছে দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার আধিকারিকের নির্দেশে। ৫৫ ইলেকট্রিকহীন শেল, ১৫ ইলেকট্রিক শেল, ৫ টিয়ার গ্যাস গ্রেনেড এবং দুরাউন্ড দাঙ্গা-বিরোধী গুলি ছোড়া হয়েছে। এছাড়া ছোড়া হয়েছে প্লাস্টিকের ছররা গুলি।
ছররা গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে রয়েছেন একটি ইংরেজি ম্যাগাজিনের সাংবাদিক। এ ছাড়া এক পড়ুয়ার শরীরে ছররা গুলি লেগে চোখ নষ্টের অভিযোগ উঠেছে। সেই ছাত্রকে পাশে নিয়ে ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী।
কেন্দ্রীয় সরকারের তরফে সেক্রেটারি জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন, স্বাধীন ও স্বতন্ত্র তদন্তে সরকারের কোনও আপত্তি নেই।