আটক আন্দোলনকারীদের মুক্তি! রাতের বৈঠকে আশ্বাস কেন্দ্রের

30

নিউজ ডেস্ক: বিভিন্ন রাজ্যে নিট-আন্দোলনকারীদের ধরপাকড়় শুরু হতেই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। সোমবার মধ্যরাতে কেন্দ্রের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছে সিজেপি। সোমবার রাত ১টা নাগাদ সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস ভিডিয়ো-বার্তায় বলেন, যেসব আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের প্রত্যেককে ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার।


ধৃতদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার বিষয়ে সরকার আশ্বাস মিলেছে। মধ্যরাতে প্রায় ২-৩ ঘণ্টার বৈঠকে কেন্দ্র বিহার এবং অসম সরকারের দু’টি বিজ্ঞপ্তির প্রতিলিপি সিজেপি-র প্রতিনিধিদের দেখায়। কেন্দ্রের তরফে বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় এফআইআর প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সৌরভ দাস বলেছেন, আন্দোলনকারীদের মুক্তি দেওয়া এবং এফআইআর প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবারের মধ্যে দেশের সব এনডিএ শাসিত রাজ্যকে জানিয়ে দেবে কেন্দ্র। এরপরই ভিডিয়ো-বার্তায় তিনি বলেন, কোনও প্রতিবাদীকে আমরা একলা ফেলে যাব না। আমরা প্রত্যেকের সঙ্গে রয়েছি।


বিহার ও অসমে ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার হলেও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এমন কোনও বিবৃতি জারি করেনি।