পৃথা দাশগুপ্ত,কলকাতা: হাতে আর মাত্র ৪৫ দিন। তারপরেই ঢাকে কাঠি পড়বে। তাই এবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু কলকাতা নয়,রাজ্যের সমস্ত দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে এই বিশেষ বৈঠক। ৭ সেপ্টেম্বর ওই বৈঠক হবে।
তৃণমূল কংগ্রেসের আমলে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিত তৎকালীন সরকার। সেই অনুদান এর অপেক্ষায় ক্লাবগুলো। যদিও সূত্রের খবর, যে সমস্ত ক্লাবের প্রয়োজন তাদেরকেই দেওয়া হবে এই অনুদান।
তৃণমূল আমলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট-বড় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতেন। আগস্ট মাসেই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই বৈঠক পুজো কমিটিগুলিকে নিয়ে সেরে ফেলতেন তিনি। সেই বৈঠকেই প্রতি বছর অনুদানের অঙ্ক ঘোষণা করতেন তিনি। এছাড়াও বিদ্যুতের বিল, দমকল বিভাগের ছাড়পত্র-সহ একাধিক বিষয়ে ঢালাও সুযোগসুবিধার কথাও ঘোষণা করতেন মমতা। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল।
রাজ্যে পালাবদলের পর প্রথমবার পুজো কমিটির সঙ্গে বৈঠক। সূত্রের খবর, দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে এবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সনাতনী মতে পুজো হবে, সেই বার্তাও বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব জানিয়েছিলেন।
বিজেপি সরকারে আসার পর পুজোর অনুদান কী হবে? সেই টাকা কি কমিটিগুলিকে নতুন সরকার দেবে? কারা পাবে সেই অনুদান ? সেই প্রশ্ন উঠেছে।
শারদোৎসবের সঙ্গে জড়িয়ে বাংলার অর্থনীতি, কর্ম সংস্থান, পর্যটন শিল্প ।
নতুন সরকার আসার পর শারদোৎসব কীভাবে রাজ্যে পালিত হবে। সরকারের নিয়ম-নীতি কী হবে ? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠকে কোন কোন দিক উঠে আসে সেটাই এখন দেখার।