‘স্বরূপ বিশ্বাস নির্দোশ, শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে’, আমাকে বলা হয়েছিল: অভিযোগকারী

18

নিউজ ডেস্ক: শ্লীলতাহানির পাশাপাশি তোলাবাজি এবং অস্ত্র আইনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই। এবছর ৪ জুন রাতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে৷ ৫ জুন তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। যদিও প্রায় এক মাস সংশোধনাগারে থাকার পর জুলাই মাসের ১৮ তারিখ জামিনে মুক্তি পান ফেডারেশনের প্রাক্তন সভাপতি। আলিপুর আদালতে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। সেই ঘটনায় এবার নয়া মোড়। ৭ আগস্ট অভিযোগকারী মেকআপ আর্টিস্ট সিমরন পাল ফেসবুক লাইভে এসে জানালেন, তাঁর শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস। তিনি মামলাটি প্রত্যাহার করে নিচ্ছেন। তাঁকে স্পষ্ট বলতে শোনাযাচ্ছে, ‘স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলাম তা মিথ্যে, তিনি এই রকম মানুষ না, আমি আমার বিবেকের কাছে খারাপ হয়েছি। তাই আমি এই অভিযোগ তুলে নিয়েছি। আমাকে কুবুদ্ধি দেওয়া হয়েছিল, যা বলা হয়ছিল আমি তাই করেছি। যাঁরা এই রকম কাজ করতে বাধ্য করেছিলেন তাঁরা আজ ওই মহিলা আর্টিস্টের কোন খোঁজ নেননি।’ ভিডিও তিনি স্বরূপ বিশ্বাসকে উল্লেখে করে হাত জোড় করে ক্ষমা চান। নিজের বোন ভেবে ক্ষমা করে দেওয়ার কথাও বলেন তিনি। ফলে একসময় টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দাপুটে নেতাকে নিয়ে এবার চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কার কথায় মহিলা মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন? তিনি এখন কোথায়? এর পিছনে কি রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে? একাধিক প্রশ্ন টলিপাড়ায়।