প্রতি মাসেই শনি-রবি ছুটির দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের, টানা ৪দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ফের সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। গোটা দেশের ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হ‌ওয়ার আশঙ্কা। কারণ, সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মচারীদের।

‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন’-এর পক্ষ থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ নিয়ে চূড়ান্ত বৈষম্যের অভিযোগে এই ধর্মঘটের ডাক।

বর্তমানে ব্যাঙ্কে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। তবে এবার ধর্মঘট করার আরো বড় দাবি হল , সপ্তাহে ৫ দিন কাজ ও ২ দিন ছুটি। মাসের প্রতিটি শনিবারই ছুটি দিতে হবে কর্মীদের। একই সঙ্গে সরকারের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ স্কিমের বর্তমান কাঠামো নিয়েও অভিযোগ রয়েছে সংগঠনের।

সব কর্মচারীদের তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে সমানভাবে ইনসেনটিভ দিতে হবে। এছাড়াও একাধিক দাবিতে ধর্মঘটের ডাক।

আগামী মাসে প্রথমে ১১ সেপ্টেম্বর একদিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধরে চলবে ধর্মঘট। তারপরও যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয়, তখন ফের ধর্মঘট ডাকা হবে।
যদি দাবি পূরণ না হয়, ২৬ অক্টোবর থেকে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য চলবে এই ধর্মঘট।

অক্টোবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তারপর টানা উৎসবের মরশুম শুরু।‌ যদি লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেন কর্মচারিরা তাহলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। এখন আগামী দিনে তাঁদের দাবি নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।‌