টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করার মামলায় দুই তৃণমূলের দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির

28

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আবার দড়ি টানাটানি। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি করতে চায় তৃণমূল। শুধু তৃণমূল নয়। একই দিন, একই জায়গায় কর্মসূচি করতে চায় ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দুই শিবির।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের আইনজীবী। মামলাটির দ্রুত শুনানির আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করার পর মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

মমতার নেতৃত্বাধীন কালীঘাট শিবির গত ২৭ জুলাই মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। সেই মামলার দ্রুত শুনানির জন্যই আজ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ঋতব্রত শিবির একটু দেরী করে ফেলে।‌ একই দিন, একই সময়ে এবং একই জায়গায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে তাঁরাও কলকাতা হাইকোর্টে আবেদন জানান, কিন্তু কালীঘাট তৃণমূল আবেদন করার বেশ কিছুদিন পরে।

প্রতি বছরই মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই কর্মসূচি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। বরং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসায় এই সভাকে কেন্দ্র করে লোক হত রেকর্ড সংখ্যক।

এর আগে ২১ জুলাই শহিদ দিবস পালন নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। দুই শিবিরের কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কে কোথায় কর্মসূচি করতে পারবে, তা এখন আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসেও আদালত কি দুই শিবিরকে আলাদা জায়গায় কর্মসূচির অনুমতি দেবে? মঙ্গলবারের শুনানিতে সেই উত্তরই মিলতে পারে।