অরুণাচলে বাঁধ-বিরোধী বিক্ষোভ সংঘর্ষে আহত জওয়ানরা

48

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের সিয়াং অঞ্চলে প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP)-এর বিরুদ্ধে বিক্ষোভ চরম রূপ নিয়েছে। বৃহৎ নদী বাঁধ বিরোধী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কয়েকজন সিআরপিএফ জওয়ান আহত। প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই বা প্রি-ফিজিবিলিটি রিপোর্ট (PFR) তৈরির কাজ চলাকালীন রিগা ও উগেং এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান এবং বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রস্তাবিত বহুমুখী প্রকল্প এবং ওই অঞ্চলে পিএফআরের বিরোধিতার মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকল্পের বিরোধিতায় স্থানীয় জনগোষ্ঠী জমি, জীবিকা, বাস্তুচ্যুতি, জীববৈচিত্র্য এবং নিজেদের জমির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অবশ্য বলেছেন, পিএফআর শুধু একটি প্রাথমিক মূল্যায়ন এবং এটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তিব্বতে চিনের ইয়ারলুং সাংপো (ব্রহ্মপুত্র) নদীর ওপর প্রস্তাবিত বিশাল বাঁধের পালটা কৌশলগত ব্যবস্থা হিসেবে এই বাঁধের পরিকল্পনা করেছে ভারত সরকার। এর অবস্থান অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং সিয়াং জেলা। প্রায় ১১,০০০ থেকে ১১,২০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে।